গোলানে ইসরায়েলি বিমান হামলায় ৪ ‘আইএস’ জঙ্গি নিহত
অধিকৃত গোলান মালভূমিতে টহলরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টারের গোলা ও রাইফেলে গুলি ছোড়ার পর ইসরায়েলি বিমানের পাল্টা হামলায় ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত চার বন্দুকধারী নিহত হয়েছেন।
রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
গৃহযুদ্ধরত সিরিয়া থেকে কখনো কখনো ইসরায়েলে গুলি-গোলা ছোড়া হলে সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দেখায় দেশটি। কিন্তু পাঁচ বছর ধরে চলা এই গৃহযুদ্ধে গোলান মালভূমিতে বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলি একটি বিরল ঘটনা।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার জানিয়েছেন, গোলানের সিরীয় প্রান্ত দিয়ে গমনরত একটি গাড়ি থেকে জঙ্গিরা ইসরায়েলি সেনাদের দিকে গুলি ছোড়ে।
সেনারা ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় দায়িত্ব পালনরত ছিল বলে নিশ্চিত করেছেন তিনি।
ইসরায়েলি সেনারাও পাল্টা গুলি ছোড়ে, কিন্তু এরপরই ইসরায়েলি জঙ্গিবিমানগুলো হামলায় যোগ দেয়।
লার্নার বলেন, “বিমান বাহিনী হস্তক্ষেপ করে। তারা বন্দুকধারীদের গাড়িটি লক্ষ্য করে হামলা চালায়। এতে চার জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করছি আমরা।”
নিহত জঙ্গিদের আইএসের অনুমোদিত ইয়ারমৌক মার্টারস্ ব্রিগেডের সদস্য বলে দাবি করেন তিনি।
তবে তাৎক্ষণিকভাবে ইয়ারমৌক মার্টারস ব্রিগেড কোনো প্রতিক্রিয়া জানায়নি। জুনে এই গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
ইসরায়েল অধিকৃত গোলান ও সিরিয়ার মধ্যবর্তী অসামরিক জোনে মোতায়েন জাতিসংঘের ২১ শান্তিরক্ষীকে অপহরণ করে প্রথম আলোচিত হয় ইয়ারমৌক মার্টারস ব্রিগেড। ২০১৩-র মার্চে ফিলিপাইনের ওই শান্তিরক্ষীদের ছেড়ে দেয় জঙ্গিগোষ্ঠীটি।
এর আগে সিরিয়ার ভিতরে ইসরায়েলি হামলাগুলো প্রধানত হিজবুল্লাহর অস্ত্র গুদাম ও সরবরাহ রুট লক্ষ্য করে চালানো হয়েছিল। লেবাননি শিয়া বেসামরিক বাহিনী হিজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে।
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল, পরে ভূখণ্ডটিকে নিজেদের সীমানাভুক্ত করে নেয়; তবে ইসরায়েলের এ পদক্ষেপে সায় দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়।
