সিরিয়ার বিদ্রোহীদের ওপর আইএসের ‘রাসায়নিক গ্যাস’ হামলা
সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের রকেট হামলায় ২২ জন সিরীয় বিদ্রোহীর দেহে রাসায়নিক গ্যাসের প্রভাব দেখা গেছে।
তুরস্কের সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
কয়েকদিন ধরে আইএসের নিয়ন্ত্রণে থাকা শহর আল-বাব অবরুদ্ধ করে রাখা তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু বার্তা সংস্থার খবরে বলা হয়, আইএসের রকেট হামলা হয়েছে হিলিলিয়ে এলাকায়। হামলাটি ঠিক কোথায় হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি সেনাবাহিনী।
তবে গণমাধ্যমের খবরে সেনাবাহিনীর বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “২২ জন বিদ্রোহীর দেহে রাসায়নিক গ্যাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেছে। আইএস- এর রকেট হামলা থেকে তাদের চোখে এবং শরীরে রাসায়নিক গ্যাসের প্রভাব দেখা দেয়।”
তাদেরকে তুরস্ক সীমান্তবর্তী কিলিসের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা এবং তীব্র মাথা ব্যাথায় আক্রান্ত বলে হুরিয়াত পত্রিকা তাদের ওয়েবসাইটে জানিয়েছে।
