বিড়ালের মৃত্যুতে আড়াই কোটি রুপির মামলা
চিকিৎসায় অবহেলার কারণে একটি বিড়ালছানার মৃত্যুর ঘটনায় এক পশু চিকিৎসকের বিরুদ্ধে পাকিস্তানে ২ কোটি ৫০ লাখ রুপির মামলা দায়ের হয়েছে।
এনডিটিভি বলছে, দুই মাস বয়সী ওই বিড়ালছানাটির মৃত্যুতে প্রাণীটির মালিক সান্দাস হুরেইন এই মামলা করেছেন।
সান্দাস হুরেইন পেশায় একজন আইনজীবী। তিনি তার বিড়ালটিকে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে ইসলামাবাদে ডাক্তার ফয়সাল খানের ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন।
হুরেইন বলেন, “আমার বিড়ালটি হাসপাতালে ভর্তি ছিল। ওইদিনই বিড়ালটিকে ফেরত নিয়ে যাওয়ার কথা ছিল।”
তিনি জানান, ওইদিন সন্ধ্যায় বিড়ালছানাটিকে বাড়িতে নিয়ে আসার পর এটি অসুস্থ হয়ে পড়ে এবং তিনি অপর এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানেই ছানাটি মারা যায়।
রানা নামের ওই চিকিৎসক জানান, বিড়ালছানাটিকে নিম্ন তাপমাত্রায় রাখা হয়েছিল যা এ ধরনের প্রাণীর উপযোগী নয়। একারণেই এটির মৃত্যু হয়েছে।– বলেন হুরেইন।
বিড়ালছানাটির ময়নাতদন্তের প্রতিবেদন স্থানীয় আদালতে দাখিল করা হয়েছে। তাতে বলা হয়েছে, চরম ঠাণ্ডা, পানি স্বল্পতা এবং খাদ্যের অভাবের কারণে বিড়ালটির মৃত্যু হয়েছে।
মামলায় ডা. খান ও তার একজন সহযোগীর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ করে তাদের বিরুদ্ধে আড়াই কোটি পাকিস্তানি রুপি জরিমানার আবেদন জানানো হয়।
হুরেইন অভিযুক্তদের কারাদণ্ডেরও আবেদন জানিয়েছেন। তিনি পাকিস্তানের ভেটেরিনারি কাউন্সিল বরাবর এসব ক্লিনিকে সিসিটিভি ক্যামেরা বসিয়ে প্রাণীদের কীভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে তা তদারকি করারও আবেদন জানিয়েছেন।
