২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিওতে ৫৪ বছর পর নভেম্বরে তুষারপাত

দীর্ঘ ৫৪ বছর পর নভেম্বরে তুষারপাত হল জাপানের রাজধানী টোকিওতে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 02:35 PM

Updated : 11 Oct 2022, 09:22 PM

বৃহস্পতিবারের এই তুষারপাতে টোকিওবাসী বিস্মিত হয়ে পড়ে বলে জানিয়েছে বিবিসি।

নভেম্বর মাসের এই সময়ে টোকিওর তাপমাত্রা সচরাচর ১০ থেকে ১৭ সেলসিয়াসের মধ্যেই থাকে, এ সময় সাধারণত তুষারপাত হয় না। 

স্থানীয় গণমাধ্যমগুলো  একে একটি বিরল ঘটনা বলছে বলে জাপান থেকে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাদিম মাহমুদ।

Image
এ সময় ঐতিহ্যবাহী পোশাক পরে চলাফেরা কষ্টকর হতে পারে। রয়টার্স

এ সময় ঐতিহ্যবাহী পোশাক পরে চলাফেরা কষ্টকর হতে পারে। রয়টার্স

 

তুষারপাতের কারণে রাস্তায় যানজটসহ বন্ধ হয়েছে বেশ কয়েকটি ট্রেন, বিঘ্ন ঘটছে বিদ্যুৎ সরবরাহেও।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে তাপমাত্রা ৩ সেলসিয়াসেরও নিচে নেমে গেছে। দমকা বাতাসের কারণে তাপমাত্রা আরো কমতে পারে বলে আভাস দিয়েছে তারা।

বরফাচ্ছন্ন সড়ক, গাছ ও বিদ্যুতের তারে জমে থাকা তুষার এবং প্লাস্টিকের তৈরি গ্রিন হাউসগুলো ধসে পড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। 

Image
টোকিওতে শরতের প্রকৃতির সঙ্গে তুষারের এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছে। রয়টার্স

টোকিওতে শরতের প্রকৃতির সঙ্গে তুষারের এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছে। রয়টার্স

 

রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে বলছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাইচিজি ও কিয়োশো এলাকায় ৬ সেমি মতো তুষার রেকর্ড করা হয়েছে। 

অসময়ের এই তুষারপাতে প্রায় আটজন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।