অ্যানা ফ্রাঙ্কের কবিতা ১৪৮,০০০ ডলারে বিক্রি
বিশ্বের বিখ্যাত রোজনামচার লেখিকা অ্যানা ফ্রাঙ্কের লেখা একটি কবিতা নিলামে ধারণার চেয়েও অনেক বেশি দাম এক লাখ ৪৮ হাজার ডলারে (এক লাখ ৪০ হাজার ইউরো) বিক্রি হয়েছে।
বিবিসি’র খবরে বলা হয়, ১৯৪২ সালে এক বান্ধবীর কবিতার অ্যালবামের জন্য আট লাইনের ওই কবিতাটি পাঠিয়েছিলেন অ্যানা।
হাতে লেখা এক পাতার ওই কবিতাটির নীচে অ্যানার সই এবং ২৮ মার্চ ১৯৪২ তারিখ দেওয়া আছে।
এর মাত্র চার মাস পর জার্মানির নাৎসি বাহিনীর হাত থেকে বাঁচতে অ্যানার পরিবার আত্মগোপনে চলে যায়।
কবিতাটি আনা তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী জ্যাকুলিনের বড় বোন ক্রিস্টিয়ান ভন মারসেনের কাছে লিখেছিলেন।
কবিতাটি শুরু হয়েছে ‘ডিয়ার ক্রি-ক্রি’ দিয়ে।
নেদারল্যান্ডসের হারলেম শহরের নিলাম হাউজ বুব কুইপারের পক্ষ থেকে বলা হয়, জ্যাকুলিন ভন মারসেন কবিতাটি বিক্রি করেছেন। কারণ, তিনি জানেন তার বোন এ লেখাটিকে তেমন গুরুত্বপূর্ণ মনে করেননি।
২০০৬ সালে ক্রিস্টিয়ান ভন মারসেন মারা যান। তবে বেঁচে আছেন জ্যাকুলিন।
বুব কুইপারের ওয়েব সাইটে জ্যাকুলিনের একটি লেখা প্রকাশ করা হয়েছে। এতে তিনি লিখেছেন, “আমার বোন (যার ডাক নাম ছিল ক্রি-ক্রি) ১৯৭০ সালের দিকে তার কবিতার অ্যালবাম থেকে অ্যানার লেখা কবিতার পাতাটি ছিঁড়ে আমাকে দিয়ে দেয়। কারণ, আমি এ লেখাটির প্রতি যতটা আকৃষ্ট ছিলাম সে ততটা ছিল না।”
ওই সময়ে ইউরোপে মেয়েদের মধ্যে বন্ধুদের পাঠানো লেখা জমিয়ে রাখার প্রবণতা ছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চলমান পরিস্থিতি, তার পরিবারের অবস্থা ও নিজের অনুভূতির কথা ডাইরিতে লিখে রাখতেন ১৫ বছরের কিশোরী আনা। একটি নাৎসি ডেথ ক্যাম্পে অ্যানার মৃত্যু হয়।
পরে অ্যানার বাবা তার ডাইরি প্রকাশ করেন। যা ইহুদিদের উপর নাৎসি বাহিনীর চরম অত্যাচারের প্রমাণপত্র হিবেসে জগৎজুড়ে বিখ্যাত হয়ে ওঠে।
