চীনের আশ্রয়ে মিয়ানমারের তিন হাজার শরণার্থী
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকার ও বিদ্রোহীদের সংঘর্ষ থেকে বাঁচতে পালিয়ে বেড়ানো তিন হাজারের বেশি মানুষ সীমান্ত পেরিয়ে চীনে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
সম্প্রতি মিয়ানমারের উত্তরাঞ্চলের রাইখাইন রাজ্যে তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় ৯ সীমান্ত পুলিশ নিহত হওয়ার পর সেখানে বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়।
এ অভিযান শুরু হওয়ার পর মিয়ানমারের অনেক নাগরিক বিশেষ করে রোহিঙ্গা মুসলিমরা প্রতিবেশী দেশ চীন ও বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
চীন সরকার জানায়, মিয়ানমারের তিন হাজারের বেশি নাগরিককে তারা আশ্রয় দিয়েছে। যাদের মধ্যে অনেকেই আহত ছিল। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসা করা হচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, মূলত মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের উপর সেনাবাহিনী দমন-নিপীড়ন চালাচ্ছে।
দেশটির বেশিরভাগ রোহিঙ্গা মুসলিমের বাস রাখাইন রাজ্যে।
অর্ধ শতাব্দীর বেশি সময় পর গত বছর নভেম্বরে নির্বাচনের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় আসে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি।
কিন্তু রাখাইন রাজ্যের সমস্যা সমাধানে কোনও ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় চাপে রয়েছেন সু চি ও তার সরকার।
এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেন, মিয়ানমারের তিন হাজারের বেশি নাগরিক দক্ষিণপশ্চিমের ইউনান প্রদেশে আশ্রয় নিয়েছে। শরণার্থীদের মধ্যে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “আশা করছি সংঘর্ষে লিপ্ত উভয়পক্ষ সংযত থাকবে।”
“যদি মিয়ানমার সরকার চায় তবে তাদের দেশের অভ্যন্তরীন শান্তি প্রতিষ্ঠায় চীন গঠনমূলক ভূমিকা পালন করবে।”
পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করার আগে উভয় পক্ষকে অস্ত্র ছেড়ে আলোচনার পথ ধরার আহ্বানও জানিয়েছে চীন।
