কিলিনিনগ্রাদে নতুন ক্ষেপণাস্ত্র বসাবে রাশিয়া
কিলিনিনগ্রাদে এস-৪০০ আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক ইস্কান্দর ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া।
রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষে প্রতিরক্ষা কমিটির প্রধান ভিক্টর ওজেরভের উদ্ধৃতি দিয়ে রিয়া (আরআইএ) সংবাদ সংস্থা সোমবার একথা জানিয়েছে।
ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জবাবেই রাশিয়া পশ্চিম সীমান্তে এ ক্ষেপণাস্ত্র মোতায়েনের পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।
রাশিয়া এর আগে মাঝে মাঝে কালিনিনগ্রাদে পরমাণু অস্ত্রবহনে সক্ষম ইসকানদার ক্ষেপণাস্ত্র পাঠায় বলে জানিয়েছিল। এবারের উদ্যোগও নিয়মিত মহড়ার অংশ বলেই জানিয়েছে তারা। রাশিয়ার পশ্চিম সীমান্তে নেটোর সামরিক শক্তিবৃদ্ধির সঙ্গে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের এ উদ্যোগের সম্পর্ক থাকার কথা প্রকাশ্যে বলেনি মস্কো।
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপণে আগ্রহ প্রকাশ করেছেন। নেটোর প্রয়োজনীয়তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
এ কারণে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, ট্রাম্প সরকার যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পর পূর্ব ইউরোপে রাশিয়া আরওপ্রভাবশালী হয়ে উঠবে।
রাশিয়ার পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান ভিক্টোর ওজেরভ বলেন, পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জবাব দিতে রাশিয়া বাধ্য হচ্ছে।
রিয়া সংবাদ সংস্থাকে তিনি বলেন, “এ ধরনের হুমকির জবাব দিতে আমাদেরকে অবশ্যই অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হবে। শক্তি বাড়াতে কালিনিনগ্রাদে এস-৪০০ এবং ইসকানদার ব্যবস্থা মোতায়েন করা হবে।”
তবে ওজেরভের এ মন্তব্যের ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া প্রকাশ করেনি।
