২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় তুমুল লড়াই উস্কে দিল বানর

লিবিয়ার দক্ষিণাঞ্চলের শহর সাবহায় এক বানরের বাঁদরামি থেকে দুই গোত্রের মধ্যে তুমুল সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৫০ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 09:56 PM

Updated : 12 Apr 2022, 03:21 AM

চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি’র খবরে বলা হয়, একটি পোষা বানর এক স্কুলছাত্রীকে আক্রমণ করলে ওই ছাত্রীর পরিবার প্রতিশোধ নিতে প্রথমে তিন তরুণসহ বানরটিকে হত্যা করে।

এ ঘটনার জেরে আওলাদ সুলেইমান এবং গুয়েদাদফা নামক দুই গোত্রের মধ্যে আরও কয়েকদিন ব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষে হতাহতের ঘটনা ঘটলেও নিহতের খবর এসেছে আওলাদ সুলেইমান গোত্র থেকেই।

লড়াইয়ে ট্যাঙ্ক, রকেট, মর্টারসহ অন্যান্য ভারী অস্ত্রও ব্যবহার হয়েছে। এতেই আরও ৫০ জন মানুষ আহত হয়।

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, বানরটি ওই ছাত্রীর মাথার স্কার্ফ টেনে খুলে ফেলেছিল এবং তাকে আঁচড়ে ও কামড়ে দিয়েছিল। এ সময় বানরটির সঙ্গে ছিল গুয়েদাদফা গোত্রের তিনজন।

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফি গুয়েদাদফা গোত্রের ছিলেন।

গুয়েদাদফা ও আওলাদ সুলেইমান গোত্রের মধ্যে বহু বছর ধরেই বৈরী সম্পর্ক।

২০১১ সালে গাদ্দাফি উৎখাত হওয়ার পর থেকে দেশটিতে ক্রমাগত লড়াই-সংঘাত চলে আসছে।