২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে শিয়া মসজিদে বোমা হামলায় নিহত ২৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 03:53 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

সোমবার বাকির উল উলুম নামের ওই মসজিদে এই হামলায় আরও ৩৫ জন আহত  হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।

এতে বলা হয়, এক অনুষ্ঠান চলার সময় জনবহুল ওই শিয়া মসজিদটিতে ঢুকে পড়ে আত্মঘাতী হামলাকারী।

কাবুল সিআইডি পুলিশের প্রধান ফারিদুন ওবায়দি বলেন, শিয়া মুসল্লিদের উপর এই বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ৩৫ জন।

হামলাকারী পায়ে হেঁটে এসে মুসল্লিদের ভিড়ের মধ্যে নিজেকে উড়িয়ে দেয়।  ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।

আফগানিস্তানে শিয়াদের ওপর চালানো সর্বসাম্প্রতিক কয়েকটি হামলার মধ্যে সর্বশেষ এ হামলার দায় স্বীকার করল সুন্নি এ জঙ্গি গোষ্ঠীটি।

পুলিশ নিহতের সংখ্যা ২৭ উল্লেখ করলেও আফগানিস্তানে জাতিসংঘ ত্রাণ সহায়তা মিশন নিহতের সংখ্যা ৩২ উল্লেখ করেছে এবং আহতের সংখ্যা ৫০ জনেরও বেশি বলে জানিয়েছে। কয়েকটি খবরে আহতের সংখ্যা আরও বেশি জানানো হয়েছে।

আইএস জানিয়েছে, তাদের একজন যোদ্ধা হামলাটি চালিয়েছে। তবে এ ব্যাপারে কোনও বিস্তারিত তথ্য জানায়নি তারা।

ওদিকে, হামলায় বেঁচে যাওয়াদের একজন স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আসার আগেই মসজিদ ভবন থেকে প্রায় ৪০টি মৃতদেহ এবং আহত আরও প্রায় ৮০ জনকে সরিয়ে নেওয়া হয়।

তিনি বলেন, “আমি রক্তাক্ত অবস্থায় লোকজনকে চিৎকার করতে দেখেছি।” তবে তার জানানো মৃতের সংখ্যা কোনও নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।

অন্য একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনি নিজে ৩০ থেকে ৩৫টি মৃতদেহ মসজিদ থেকে বের করতে সাহায্য করেছেন। আরও প্রায় ১০০ জন আহত হয়েছে বলেও জানান তিনি।

জুলাইয়ের পর আফগানিস্তানে শিয়াদের ওপর এটি তৃতীয় বড় ধরনের হামলা।

গত মাসে পুলিশের পোষাক পরা এক বন্দুকধারী আশুরা উৎসবে জড় হওয়া শিয়াদের উপর গুলি করলে অন্তত ১৪ জন নিহত হয়। এর আগে জুলাইয়ে কাবুলে শিয়াদের এক বিক্ষোভ সমাবেশে হামলায় ৮০ জন নিহত হয়।

দু’টি হামলারই দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট (আইএস)। 

আফগানিস্তানের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ শিয়া মুসলিম। পাকিস্তান ও ইরাকের মতো দেশটিতে শিয়া-সুন্নি সাম্প্রদায়িক সহিংসতা তেমন একটা ছিল না।

কিন্তু মধ্যপ্রাচ্যের সুন্নিপন্থি জঙ্গিদল আইএস এর উত্থানের পর দেশটিতে শিয়াদের ওপর হামলার ঘটনা ঘটছে।