২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাথায় ‘ব্যান্ডানা’ পরে হামলার শিকার ভারতীয়-মার্কিনি নারী

চামড়ায় প্রদাহ জনিত রোগের কারণে চুল পড়ে যাওয়ায় রোদ থেকে বাঁচতে মাথায় ব্যান্ডানা পেঁচিয়ে রাখেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নারী নিক্কি পাঞ্চলি। ‘হিজাব পরেছেন’ বলে ভুলবশত যিনি হামলার শিকার হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 10:32 PM

Updated : 25 Jul 2022, 09:32 PM

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, সকালের হাঁটা শেষে নিজের গাড়ির কাছে এসে পাঞ্চলি দেখতে পান সেটির জানালার কাঁচ ভাঙা এবং ভেতরে থাকা ব্যাগ উধাও। গাড়িতে একটি কাগজের টুকরা পড়ে আছে। সেখানে লেখা ‘হিজাব পরা ***’ ‘এটি খুলে ফেল’।

পাঞ্চলির আদি বাড়ি ভারতের রাজস্থান। তিনি মুসলিম সম্প্রদায়ের নন এবং হিজাব পরেন না।

এনবিসি নিউজকে তিনি বলেন, “আমি মাথায় ব্যান্ডানা (মাথা পেঁচিয়ে রাখার জন্য বড় রুমাল) পরি, তার কারণ এই নয় যে আমি মুসলিম। বরং আমি রোদের হাত থেকে মাথা বাঁচাতে এটি পরি, কারণ আমি লুপাসে আক্রান্ত।”

মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যক্রমে জটিলতার কারণে অনেক সময় এটি শরীরের সুস্থ কোষকে আক্রমণ করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে লুপাস বলে।

গাড়ির মধ্যে কাগজের টুকরাটি পাওয়ার পর নিজের অনুভূতি বর্ণনায় পাঞ্চলি বলেন, “আমি িএটি দেখে পুরোপুরি বিমর্ষ হয়ে পড়েছিলাম। কতটা ঘৃণা নিয়ে একজন একাজ করেছে। নির্বাচন পরবর্তী আমেরিকার পরিস্থিতি আসলে কেমন আমি তা আমি বুঝতে পারছি। কিন্তু আমি বুঝতে পারছি না মানুষ কতটা মূর্খ হলে এবং কতটা কষ্টে পড়ে এরকম ক্ষতি করতে পারে।”

গত প্রায় আড়াই মাস ধরে প্রতিদিন সকালে মিশন পার্কে হাঁটতে যান পাঞ্চালি।

তিনি বলেন, “আমি জানিনা কে আমাকে নজরে রাখছিল। আশা করি আমার এ ঘটনা দিয়েই এ নৃশংসতার অবসান হবে।”

“আমার প্রতিবেশী, বন্ধু ও পরিবারের লোকজন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভীত এবং প্রত্যেকের প্রতি সম্মান দেখানোর বিষয়টি নিশ্চিত করতে সর্বস্ব দিয়ে আমাদের চেষ্টা করতে হবে।”

‘হেইট ক্রাইম’ হিসেবে পুলিশ পাঞ্চালির ঘটনাটি তদন্ত করে দেখছে।

গত সপ্তাহে মিনেসোটায় হিজাব পরা এক মুসলিম শিক্ষার্থী তার এক সহপাঠীর ক্রোধের শিকার হয়। ওই সহপাঠী তার হিজাব টেনে ছিঁড়ে ফেলে এবং তার চুল খুলে ফেলে।

সাউদার্ন পোভার্টি ল সেন্টা এর তথ্য অনুযায়ী, ৯ নভেম্বরের পর যুক্তরাষ্ট্র জুড়ে সোমবার পর্যন্ত ‘হেইট ক্রাইমের’ ৪৩৭ ঘটনা পুলিশের খাতায় উঠেছে।