ভূমিকম্পে পাল্টে গেছে নিউ জিল্যান্ডের ভূমিরূপ
সম্প্রতি নিউ জিল্যান্ডে সংঘটিত সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পটিকে এখনও পর্যন্ত রেকর্ডকৃত ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম ‘সবচেয়ে জটিল’ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
গত সোমবার ক্রাইস্টচার্চের নিকটবর্তী একটি এলাকায় ভূমিকম্পটি হয়, এতে দুই জন নিহত হওয়ার পাশিপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ভূমিকম্পটির কারণে দেশটির কিছু এলাকার ভূমিরূপও পরিবর্তিত হয়ে গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
এ নিয়ে গবেষণারত বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাথমিক কম্পনটি আদতে আলাদা দুটি ভূমিকম্প ছিল, এ দুটি ভূমিকম্প মিলিতভাবে দুই মিনিটেরও বেশি স্থায়ী হয়েছিল।
দেশটির জাতীয় ভূমিকম্প জরিপ সংস্থা জিওনেট এর বিজ্ঞানীরা জানিয়েছে, ভূভাগে হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে এটি অন্যতম সবচেয়ে জটিল ভূমিকম্প ছিল।
জিওনেটের প্রকাশিত মানচিত্রে ভূমিকম্পের পর সংলগ্ন এলাকার ভূ-চ্যুতিগুলো।
অধিকাংশ ভূমিকম্পই একটি চ্যুতি সমতলে ঘটিত অস্থিরতার ফলাফল। কিন্তু এই জোড়া ভূমিকম্পটি অন্তত ছয়টি চ্যুতির অস্থিরতার ফলাফল ছিল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার একটি গ্রাফিক্সে তিনটি চ্যুতি ব্যাখ্যা করা হয়েছে।
পৃথিবীর উপরিভাগের ভূত্বকের ফাটলগুলোই চ্যুতি। এসব চ্যুতিতে হঠাৎ কোনো অস্থিরতা সৃষ্টি হলে ভূমিকম্প হয়। মোট তিন ধরনের চ্যুতি আছে: মুখোমুখি চাপের কারণে শিলার পার্শ্বদিকে পিছলে যাওয়া চ্যুতি, স্বাভাবিক চ্যুতি ও বিপরীত চ্যুতি। এ্ই চ্যুতিগুলো শিলার বিভিন্নমুখি গতি নির্দেশ করে।
ওয়াইআয়ুর কাছে ভূমিকম্পে ভেঙে টুকরো হয়ে যাওয়া একটি রাস্তা।
নিউ জিল্যান্ডের ক্যান্টাবুরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ডি নিকোল বিবিসিকে জানিয়েছেন, কাইকৌরার ভূমিকম্পটি দক্ষিণে শুরু হয়ে উত্তর দিকে চলে গেছে। এতে ভূমিকম্পজনিত সবচেয়ে জোরালো শক্তিটি উপকেন্দ্র কুলভারডেনের প্রায় ৭০ কিলোমিটার উত্তরে আঘাত হানে।
এই আঘাত এতো শক্তিশালী ছিল যে এতে পুরো দেশটিই কেঁপে ওঠে, আর সাত হাজার বর্গ কিলোমিটার এলাকায় এর সরাসরি প্রভাব দৃশ্যমান হয়।
ভূমিকম্পের ফলে সুনামির উৎপত্তি হয়। এর কারণে উপকূলীয় এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া হয়। সুনামিতে ব্যাঙ্কস উপদ্বীপে কিছু ক্ষয়ক্ষতি ছাড়া খুব বেশি ক্ষতি হয়নি বলে জানিয়েছে জিওনেট।
সুনামির কারণে সৃষ্ট চার দশমিক এক মিটার উঁচু ঢেউয়ের ধাক্কায় এ্ই বাড়িটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
টনকিন এন্ড টেইলর নামের একটি ইঞ্জিনিয়ারিং ফার্মের জরিপে দেখা গেছে, কাইকৌরার উত্তরে ১১০ কিলোমিটার সাগরতট দুই থেকে আড়াই মিটার উঁচু হয়ে গেছে।
‘বিপরীত চ্যুতির’ কারণে সম্ভবত এমন হয়েছে বলে মনে করেন অধ্যাপক নিকোল।
কাইকৌরার কাছে উঁচু হয়ে যাওয়া সাগরতট।
উঁচু হয়ে যাওয়া এই সাগরতটের কারণে বিপুল সংখ্যক সামুদ্রিক প্রাণি হঠাৎ করে ডাঙ্গায় এসে আটকা পড়েছে। এসব প্রাণীর মধ্যে বাগদা চিংড়ি ও এক ধরনের ঝিনুক রয়েছে।
স্থানীয় প্রাণীদের এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কয়েক বছর লেগে যেতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
উঁচু হয়ে যাওয়া সাগরতট সমুদ্র শৈবাল ও ঝিনুকে ঢেকে আছে।
ভূমিকম্পে এক লাখেরও বেশি ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অনেকগুলো মহাসড়ক ও রেলসড়ক বন্ধ হয়ে গেছে।
অধ্যাপক নিকোল বলেছেন, এসব ভূমিধসের কারণে ভূমিরূপ স্থায়ীভাবে পরিবর্তিত হয়ে যেতে পারে এবং উল্লেখযোগ্য পরিমাণ পলি নদীগুলোতে বাহিত হতে পারে।
ভূমিধসে কাইকৌরার কাছে বন্ধ হয়ে যাওয়া একটি মহাসড়ক। রয়টার্স
ভূমিধসে হাপুকু নদীর উজানে দেড়শ মিটার উঁচু একটি বাঁধ তৈরি হয়েছে। এসব বাঁধ যে কোনো সময় ধসে পড়ে বিপুল পরিমাণ পানি সমতলের দিকে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
কাইকৌরা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। রয়টার্স
ভূমিকম্পের পর থেকে একের পর এক পরাঘাত হচ্ছিল। সোমবারের পর থেকে দুই হাজারেরও বেশি পরাঘাত হয়েছে। আরো পরাঘাত হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
এই ভূমিকম্পে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আট দশমিক চার বিলিয়ন ডলার।
