২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে সৌদি জোটের ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি

ইয়েমেনের যুদ্ধে ৪৮ ঘন্টার জন্য যুদ্ধবিরতি দেওয়ার কথা ঘোষণা করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Nov 2016, 03:40 PM

Updated : 12 Apr 2022, 03:20 AM

শনিবার দুপুর ১২টা থেকে ‍যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা রয়েছে।

যুদ্ধের কারণে ইয়েমেনের লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটিতে মানবিক সঙ্কট এখন বিপর্যয়ে রূপ নিয়েছে।

২০১৪ সালে সৌদি আরব ও পশ্চিমা শক্তিগুলোর সমর্থিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাকে ক্ষমতায় পুনর্বহাল করতে গত বছরের মার্চ থেকে হুতি বিদ্রোহী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত সেনাদের বিরুদ্ধে লড়াই শুরু করে সৌদি জোট।

এই লড়াইয়ে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে দেশটির বিভিন্ন এলাকায় প্রায় দুর্ভিক্ষাবস্থা সৃষ্টি হয়েছে। অনাহারী মানুষের মাঝে বিভিন্ন রোগের প্রকোপও ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতির অবসানে ইয়েমেনে যুদ্ধবিরতির জন্য বিবদমান পক্ষগুলোর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি ঘোষণা করা হল।

হুতি বিদ্রোহীরা এই যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে এবং অবরুদ্ধ এলাকাগুলোতে মানবিক ত্রাণ পাঠানোর অনুমতি দিলে এই যুদ্ধবিরতির সময়সীমা বাড়তে পারে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

এর আগে যুদ্ধ বন্ধে জাতিসংঘের নেওয়া বেশ কয়েকটি উদ্যোগ ব্যর্থ হয়। এই যুদ্ধবিরতির বিষয়ে তাৎক্ষণিকভাবে হুতি নেতৃবৃন্দের মনোভাব জানা যায়নি।