ট্রাম্পের সঙ্গে আস্থার সম্পর্ক চান আবে
হোয়াইট হাউজে যাওয়ার আগে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে আস্থার সম্পর্ক গড়তে চান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা রয়েছে আবের। এটিই হবে ট্রাম্পের সঙ্গে প্রথম কোন দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ।
পেরুতে অনুষ্ঠেয় আপেক-শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে শিনজো আবের সঙ্গে ট্রাম্পের এই সাক্ষাতকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
টোকিও ছেড়ে যাওয়ার আগে আবে বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে আস্থা গড়ে তুলতে চান এবং বিশ্বশান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করে যেতে চান।
জাপানের কূটনীতি এবং নিরাপত্তার ভিত্তিমূল হচ্ছে যুক্তরাষ্ট্র-জাপান জোট। একমাত্র আস্থা থাকলেই এ জোট সচল থাকবে বলে সাংবাদিকদের জানান আবে।
পেরুতে যাওয়ার আগে আবে নিউ ইয়র্কে যাত্রাবিরতিকালে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। তবে এ বৈঠকের ব্যাপারে বিস্তারিত এখনও স্পষ্ট জানা যায়নি। ট্রাম্পের শিবির বৈঠকের আলোচ্যসূচির ব্যাপারে কোনও কিছু জানায়নি।
