মিয়ানমারে সেনা-রোহিঙ্গা সংঘর্ষে নিহত ৮, গ্রেপ্তার ৩৬
মিয়ানমারে সেনা-রোহিঙ্গা সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
মাসব্যাপী সংঘর্ষের ধারাবাহিকতায় রাখাইন রাজ্যের উত্তরে শনিবার দিনব্যাপী এ সংঘর্ষে এক কর্মকর্তা এবং এক সেনা নিহত হয়। পরে আরও ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং ৩৬ জনকে গ্রেপ্তার হয়।
২০১২ সালে ওই রাজ্যের জাতিগত দাঙ্গায় শতাধিক রোহিঙ্গা মুসলিম নিহত হওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখানে চরম উত্তেজনা দেখা গেছে।
৯ অক্টোবর বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরীন এলাকায় সন্ত্রাসী হামলায় নয় পুলিশ নিহত হয়। দুই দিনের মাথায় মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও ১২ জনের মৃত্যুর কথা জানায়। তারা বলে, শতাধিক মানুষ পিস্তল এবং ধারালো অস্ত্র নিয়ে সেনাদের আক্রমণ করলে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়।
রোববারের সংঘর্ষেও রাখাইন রাজ্যের উত্তারাঞ্চলে প্রায় ৬০ জন বন্দুক ও ছুরি নিয়ে সেনাদের ওপর হামলা চালায়। সেনারাও এর পাল্টা জবাব দেয়।
রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের নাগরিক হিসেবে স্বীকার করে না মিয়ানমার সরকার। সেখানকার সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধরা মনে করে রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশ থেকে সেখানে গেছে।
গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসলেও পরিস্থিতি এখনও বদলায়নি।
