২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাচীন নগরী নিমরুদের দখল নিয়েছে ইরাকি বাহিনী

ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে প্রাচীন নগরী নিমরুদের নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 07:43 PM

Updated : 12 Apr 2022, 03:17 AM

দুই বছর আগে ইরাকের ঐহিত্যবাহী আসরিয়ান নগরীটি দখল করেছিল আইএস। খ্রিস্টপূর্ব ত্রায়দশ শতকে এই নগরীটি নির্মাণ করা হয়।

২০১৫ সালের মার্চ মাসে আইএস জঙ্গিরা নিমরুদের অনেক প্রত্নতাত্ত্বিক স্থাপণা ধ্বংস করে দেয়।

জাতিসংঘের সাংস্কৃতিক পর্ষদ আইএস-র ওই কাণ্ডকে যুদ্ধাপরাধ বলে বর্ণনা করে।

ইরাকে আইএস-র সর্বশেষ শক্তঘাঁটি মসুল থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নিমরুদের অবস্থান।

মসুল থেকে আইএস কে নির্মূল করতে গত মাসে মার্কিন বাহিনীর সহায়তায় বড় ধরনের অভিযান শুরু করে ইরাকের সেনাবাহিনী।

ইরাকি সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “নবম সশস্ত্র বিভাগের সেনারা নিমরুদ শহর পুরোপুরি স্বাধীন করেছে এবং ইসলামিক স্টেটের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করে সেখানকার ভবনগুলোতে ইরাকের পতাকা উত্তোলন করেছে।”

ওদিকে, মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ইরাকের কুর্দি বাহিনী মসুল অভিযানের সময় আইএস নিয়ন্ত্রিত এলাকায় সুন্নি আরবদের অন্তত ২০টি গ্রামের সব ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে।

বাড়ি ঘর গুঁড়িয়ে দেওয়া বেআইনি বলে মন্তব্য করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

এ বিষয়ে কুর্দি আঞ্চলিক সরকারের উপমন্ত্রী দিনদার জেবারি বিবিসি’কে বলেন, সুন্নি আরবদের বাড়িঘর ধ্বংসের বিষয়ে কোনও কৌশল তারা নেয়নি বা কুর্দি বাহিনীকে এ সম্পর্কিত কোনও নির্দেশও দেওয়া হয়নি।

বিবিসি’কে জেবারি বলেন, কুর্দি অঞ্চলে প্রায় ২০ লাখ সুন্নি আরব নিরাপদে বসবাস করে।

“তবে ওই এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দারা আইএস-র সদস্য বা সমর্থক। তাদের বাড়ি ঘর লক্ষ্য করে বিমান হামলা করা হয়েছে বা তাদের পেতে রাখা বোমার আঘাতে সেগুলো ধ্বংস হয়েছে।”