২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে নেটো প্রধানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়ে নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, ‘একলা চল নীতি’ ইউরোপ বা যুক্তরাষ্ট্র কারও জন্যই বিকল্প পথ হবে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 07:10 PM

Updated : 25 Jul 2022, 09:32 PM

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, গত এক প্রজন্মের মধ্যে বর্তমানে ইউরোপকে সবচেয়ে গুরুতর নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে হচ্ছে।

নির্বাচনী প্রচারের সময় পশ্চিমা সামরিক জোট নেটোকে অচল বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।

তখন তিনি বলেছিলেন, নিজেদের বকেয়া পরিশোধ করেনি এমন নেটোভুক্ত কোনও দেশ আক্রান্ত হলে তাকে সাহায্য করার আগে যুক্তরাষ্ট্রের দুইবার ভাবা উচিত।

ব্রিটিশ দৈনিক অবজারভার এর লেখা এক কলামে স্টলটেনবার্গ বলেন, ট্রাম্প অবশ্য একটা কথা ঠিকই বলেছেন। সেটি হল: নেটোভুক্ত কয়েকটি দেশের তাদের আর্থিক অবদান আরও বাড়ানো প্রয়োজন।

বর্তমানে যুক্তরাষ্ট্র নেটোর ৭০ শতাংশ ব্যয়ভার বহন করে।

তবে যুক্তরাষ্ট্রের নেতারা সব সময়ই স্থিতিশীল ও নিরাপদ ইউরোপের সঙ্গে তাদের গভীর কৌশলগত স্বার্থের বিষয়টি অনুধাবন করেছেন বলেও মনে করেন স্টলটেনবার্গ।

নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ লেখেন, “আমরা নিশ্চিন্তে যে স্বাধীনতা, নিরাপত্তা ও সমৃদ্ধি উপভোগ করছি তার সবকিছুই তুলে নেওয়া খুব সহজ। বর্তমান অনিশ্চিত সময়ে আমাদের দৃঢ় মার্কিন নেতৃত্বের প্রয়োজন। সেই সঙ্গে দায়িত্বের ন্যায্য ভাগও ইউরোপের দেশগুলোকে কাঁধে তুলে নিতে হবে।”

“একা চলা ইউরোপ বা যুক্তরাষ্ট্র কারো জন্যই ভাল হবে না। এক প্রজন্মের মধ্যে আমাদেরকে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি মোকাবেলা করতে হচ্ছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের মূল্য নিয়ে প্রশ্ন তোলার সময় এটি নয়।”

নাইন/ইলেভেনে যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে স্টলটেনবার্গ বলেন, “এটি একটি উদাহরণের চাইতেও বেশি কিছু। সেবার আফগানিস্তানে অভিযানের দায়িত্ব নিয়েছিল নেটো। ওই সময় ইউরোপের হাজার হাজার সেনা আফগানিস্তানে যুদ্ধ করেছে।”

“এক হাজারের বেশি (ইউরোপীয়) সেনা সেখানে জীবন দিয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতেই আফগানিস্তানে অভিযান পরিচালিত হয়েছিল।”