২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মসুলে ৪০ জনকে হত‌্যার পর ঝুলিয়ে দেয় আইএস’

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে মধ‌্যপ্রাচ‌্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বিশ্বাসঘাতকতার কথিত অভিযোগে ৪০ জন সাধারণ মানুষকে গুলি করে হত‌্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2016, 12:33 PM

Updated : 12 Apr 2022, 03:17 AM

বিবিসি বলছে, মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে জাতিসংঘ জানিয়েছে।

হত‌্যার পর লাশগুলো শহরের বিভিন্ন এলাকায় বৈদ‌্যুতিক খুঁটিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলে জাতিসংঘের মানবাধিকার কমিশনার জানিয়েছেন।

মসুলের কেন্দ্রীয় অঞ্চলে এক ব‌্যক্তিকে মোবাইল ফোন ব‌্যবহারের কারণে প্রকাশ‌্যে গুলি করে হত‌্যা করা হয়।

আইএস মোবাইল ফোন ব‌্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল।

আইএসের দখল থেকে মসুল উদ্ধারের লক্ষ‌্যে ইরাকের সরকারি বাহিনী অব‌্যাহতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, আইএস নিজেদের প্রতিষ্ঠিত আদালতের রায়ের মাধ‌্যমে এই ৪০ জনকে হত‌্যা করেছে।

ওই ৪০ জনকে ‘বিশ্বাসঘাতকতা এবং সহযোগীতার’ অভিযোগে হত‌্যা করা হয়। তাদের কমলা রঙের পোশাক পরানো হয়েছিল, তাতে লাল রঙে লেখা ছিল, ‘বিশ্বাসঘাতক এবং আইএসএফের চর’। ইরাকের নিরাপত্তা বাহিনীকে সংক্ষেপে আইএসএফ বলা হয়।

জাতিসংঘ জানিয়েছে, বুধবার সন্ধ‌্যায়ও মসুলের উত্তরাংশে ঘাবাত সেনা ঘাঁটিতে ২০ জন সাধারণ মানুষকে গুলি করে হত‌্যা করা হয়। তথ‌্য ফাঁসের অভিযোগ এনে তাদের হত‌্যা করা হয়।

২০১৪ সাল থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল আইএসের দখলে রয়েছে। ইরাকের সরকারের অনুগত বাহিনী গেল মাস থেকে মসুল পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে।