আমরা সবাই এখন ট্রাম্পের সাফল্য কামনা করছি: ওবামা
যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নানা বিষয়ে মতপার্থক্য থাকার কথা স্বীকার করে নিলেও প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আমরা সবাই এখন তার সাফল্যই কামনা করছি।
ট্রাম্পের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে কাজ করে যাবেন বলেও জানিয়েছেন ওবামা।
হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক বিবৃতিতে ওবামা বলেন, “দেশকে একতাবদ্ধ করা এবং নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আমরা সবাই এখন ট্রাম্পের সাফল্য কামনায় অবিচল রয়েছি।”
নির্বাচনে হিলারির পরাজয়ে মুষড়ে পড়া ডেমোক্র্যাটদেরকেও হতাশা দূরে সরিয়ে রাখার আহ্বান জানিয়ে ওবামা তার বক্তব্যে ইতিবাচক সুরে কথা বলেন।
শান্তিপূর্ণভাবে ট্রাম্পের হাতে ক্ষমতা তুলে দেবেন জানিয়ে ওবামা বলেন, “এটি আমাদের গণতান্ত্রিক বৈশিষ্ট্য। আগামী কয়েকমাসে আমরা বিশ্বকে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেখাব।”
ট্রাম্পের জয়ের খবরে দেশজুড়ে অনেকেরই হতাশায় নিমজ্জিত হয়ে পড়ার বিষয়টি স্বীকার করে নিলেও ওবামা বলেন, এখন জনগণের ঐক্যবদ্ধ হওয়ার সময়।
তিনি আরও বলেন, “আমরা প্রত্যেকেই নির্বাচনে নিজ নিজ পক্ষ হেরে গেলে দুঃখ পাই। কিন্তু তারপরই আমাদেরকে স্মরণে রাখতে হবে যে, আমরা আসলে এক দলের মধ্যেই আছি। আমরা প্রথমেই ডেমোক্র্যাটও না, আবার রিপাবলিকানও না। আমরা সবাই প্রথমে আমেরিকান।”
