প্রথম ১শ’ দিনে যা করবেন ট্রাম্প
সব হিসাব পাল্টে দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচত হওয়া ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর প্রথম ১০০ দিনে কী কী কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন?
নির্বাচনী প্রচারের শুরু থেকেই বিতর্কিত মন্তব্য এবং অভিবাসী ও মুসলিমদের নিয়ে কঠোর নীতি গ্রহণের কথা বলে খোদ রিপাবলিকান দলেই চরমভাবে সমালোচিত ছিলেন ট্রাম্প। এমনকি ট্রাম্পকে নিয়ে দলের ভেতর বিভক্তিও দেখা দিয়েছিল।
তবে হাজার বিতর্কিত মন্তব্যের মধ্যে একটি কথা খুব পরিষ্কার করে বলেছিলেন ট্রাম্প। তার কাছে ‘আমেরিকানদের স্বার্থ সবার আগে। আর তার এ কথাটিই দাগ কেটেছে মানুষের মনে।
ফলে ট্রাম্পের প্রেসিডেন্সি থেকে এখন কি আশা করতে পারে জনগণ?
প্রেসিডেন্টের মেয়াদের প্রথম ১০০ দিনে ট্রাম্প অগ্রাধিকার ভিত্তিতে কিছু কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন গত মাসে পেনসিলভানিয়ার গেটিসবার্গের প্রচারাভিযানে।
তার সেই বক্তব্য এবং অন্যান্য সময়ে তিনি প্রেসিডেন্ট হলে যেসব বিষয়কে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছিলেন সেসবের ভিত্তিতে ট্রাম্পের প্রথম ১শ’ দিনের কাজের তালিকা দিয়েছে বিবিসি।
এগুলো হচ্ছে:
· যুক্তরাষ্ট্র থেকে ২০ লাখের বেশি অপরাধী ও অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু করা।
· যেসব দেশের সরকার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানাবে তাদের ভিসা-মুক্ত ভ্রমণ সুবিধা বাতিল করা।
· বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সব ধরনের নির্বাহী আদেশ রদ করা।
· হোয়াইট হাউজের কর্মকর্তাদের লবিংয়ের ওপর কড়াকড়ি আরোপ করা।
· কংগ্রেস সদস্যদের দায়িত্বে থাকার মেয়াদ কমিয়ে আনা।
· জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতিসংঘের নেওয়া প্রকল্পগুলোতে অর্থ দেওয়া বন্ধ করা।
· ওই অর্থ যুক্তরাষ্ট্রের অবকাঠামোগত সংস্কারে কাজে লাগানো।
· চীনকে ‘কারেন্সি ম্যানিপুলেটর’ দেশ ঘোষণা করা।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে প্রাচীর নির্মাণ এবং নির্মাণ খরচ মেক্সিকো সরকারের কাছ থেকে আদায়ের কথা নির্বাচনী প্রচারের শেষদিন পর্যন্ত বলে এসেছেন ট্রাম্প।
জয়ের পর এ বিষয়ে নিজের সমর্থকদের পুনরায় আস্বস্ত করেছেন ট্রাম্প। তবে কবে নাগাদ বা কিভাবে কাজ শুরু হবে সে বিষয়ে কিছু বলেনি তিনি।
কানাডা ও মেক্সিকোর সঙ্গে ‘নর্থ আমেরিকান ফ্রি ট্রেড’ চুক্তি নিয়ে ট্রাম্প নতুন করে আলোচনা শুরু করতে পারেন বলেও ধারণা করছে বিবিসি।
ওই চুক্তি সম্পর্কে ট্রাম্প বলেছিলেন, এসব চুক্তির কারণেই মার্কিনিদের চাকুরির সুযোগ বিদেশিরা নিয়ে নিচ্ছে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আন্তর্জাতিক প্রভাব বিস্তার নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এ উত্তেজনা প্রশমিত হতে পারে।
শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন দিয়ে এসেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে ‘বুদ্ধিমান’ বলে প্রশংসা করেছেন। অন্যদিকে ট্রাম্প বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চাইতে পুতিন ভালো নেতা।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ছয়টি ধনী দেশের সঙ্গে ইরানের পরমাণু চুক্তির ভবিষ্যত ট্রাম্পের জয়ের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে।
ট্রাম্প ওই চুক্তি ভেস্তে দেওয়ার অঙ্গীকার করেছেন। যদিও ১২ বছরের পরিকল্পনার পর ইরানের সঙ্গে ছয়টি দেশের একযোগে করা এ চুক্তি থেকে কত দ্রুত ট্রাম্প সরে আসতে পারবেন তা এখনও পরিস্কার বোঝা যাচ্ছে না।
তাছাড়া, নিজের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে সাংবিধানিকভাবে ট্রাম্প আসলেই কতটা সক্ষম হবেন প্রশ্ন হচ্ছে সেটি।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ এবং সিনেট রিপাবলিকান নিয়ন্ত্রিত বলে ট্রাম্প কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকবেন। যদিও সুপ্রিম কোর্টের একজন শীর্ষ বিচারপতির শূন্য আসন তাকে পূরণ করতে হবে।
শপথ গ্রহণের পরই ওবামার নির্বাহী আদেশ বাতিল করার ক্ষমতা হাতে পেয়ে যাবেন তিনি।
নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের ৫০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার যে পরিকল্পনা নিয়েছিলেন ওবামা, টেক্সাসের একটি আদালতের নির্দেশে তা স্থগিত হয়ে পড়ে।
একজন শীর্ষ বিচারকের পদ শূণ্য হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যে অচলাবস্থা দেখা দিয়েছে, সেটির কারণে ওবামার ওই উদ্যোগও ফাইলবন্দি হয়ে পড়ে।
ট্রাম্পের আমলে এ বিষয়ে অগ্রগতি হওয়ার সম্ভাবনা খুবই সামান্য। এমনকি আগ্নেয়াস্ত্র বিক্রেতাদের অবশ্যই লাইসেন্স থাকা এবং তাদের অতীত ঘেঁটে দেখার যে নিয়ম ওবামা প্রচলণ করেছিলেন সেটিও উল্টে যেতে পারে।
এ সবই শপথ গ্রহণের পর নিজের নির্বাহী ক্ষমতা বলে করতে পারবেন ট্রাম্প।
তবে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারেন তার দলের নেতারাই। কারণ, অনেক রিপাবকিলান নেতাই ট্রাম্পের ঘোর বিরোধী।
