তেলেঙ্গানায় ঠেলাগাড়িতে স্ত্রীর লাশ নিয়ে ৬০ মাইল পাড়ি
অ্যাম্বুলেন্স ভাড়া করার টাকা নেই, তাই স্ত্রীর লাশ ছোট একটি ঠেলা গাড়িতে নিয়ে দীর্ঘ ৬০ মাইল পাড়ি দিলেন বৃদ্ধ রামুল্লা।
কিন্তু প্রায় ২৪ ঘন্টা হাঁটার পরও গন্তব্যে পৌঁছতে পারলেন না তিনি, ক্লান্তিতে রাস্তার পাশে বসে পড়ে কান্নায় ভেঙে পড়লেন।
শনিবার ভারতের তেলেঙ্গানা রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।
রামুল্লা ও তার স্ত্রী কাভিথা, উভয়েই কুষ্ঠরোগী ছিলেন। তারা ভিক্ষা করে জীবন ধারণ করতেন। শুক্রবার হায়দ্রাবাদ রেল স্টেশনের কাছে কাভিথা মারা যান।
স্ত্রীর মৃতদেহটি নিজেদের গ্রামে নিয়ে যেতে চাইলেন রামুল্লা। বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে চাইলে তারা এরজন্য পাঁচ হাজার রুপি দাবি করে। কিন্তু তার কাছে এক হাজার রুপিও ছিল না।
তাই ভিক্ষার কাজে ব্যবহার করা নিজেদের ছোট ঠেলাগাড়িটিকেই অবলম্বন করলেন তিনি। শুক্রবার সকালে গ্রামের উদ্দেশ্যে হায়দ্রাবাদ ছাড়েন তিনি। কিন্তু রাতে পথ হারিয়ে ফেলেন, শনিবার বিকেলে তিনি ভিকারাবাদ এলাকায় পৌঁছান।
এখানেই ক্লান্ত, বিধ্বস্ত রামুল্লা কান্নায় ভেঙে পড়েন। এক বৃদ্ধার লাশের পাশে বসে এক বৃদ্ধ কাঁদছেন, ঘ্টনাটি এলাকার লোকজনের চোখে পড়ে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রামুল্লা বিলাপ করছেন আর লোকজন এসে তার পাশে টাকা রেখে যাচ্ছে। এক পর্যায়ে কেউ একজন একটা অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসেন। অবশেষে সেখান থেকে ৮০ কিলোমিটার দূরে মেদাক জেলার উদ্দেশ্যে রওয়ানা হন রামুল্লা।
পুলিশ কর্মকর্তা জি রাভি বলেন, “গাড়ি ভাড়া করার মতো কোনো টাকা না থাকায় স্ত্রী কাভিথার মৃতদেহ একটি ঠেলাগাড়িতে করে গ্রামে নিয়ে যাচ্ছিলেন রামুল্লা। ভিকারাবাদ পর্যন্ত হেঁটে আসেন তিনি, গতকাল বিকেলে এখানে পৌঁছান।”
গ্রামে ফিরে গিয়ে স্ত্রীকে সৎকারের ক্ষেত্রেও রামুল্লা আত্মীয়-স্বজনের কোনো সহযোগীতা পাননি বলে জানা গেছে। কুষ্ঠু রোগ নিরাময় যোগ্য হলেও ভারতের অনেক এলাকায় কুষ্ঠুরোগীদের লাঞ্ছনার শিকার হতে হচ্ছে।
প্রায় তিন মাস আগে উড়িষ্যায়ও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স না পেয়ে স্থানীয় আদিবাসী ডানা মাঝহিকে তার স্ত্রীর লাশ কাঁধে নিয়ে পাশে ছোট মেয়েটিকে নিয়ে হেঁটে বাড়ির পথে রওয়ানা হতে হয়েছিল।
ওই ঘটনার খবর ও ছবি প্রকাশের পর ভারতজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল।
