২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কম্পিউটারে ভাইরাস, ইংল‌্যান্ডের ৩ হাসপাতালে অস্ত্রোপচার বাতিল

স্বাস্থ‌্য সেবার একটি কম্পিউটার-ভিত্তিক নেটওয়ার্ক ভাইরাস আক্রান্ত হয়ে পড়ায় উত্তর-পূর্ব ইংল‌্যান্ডের তিনটি হাসপাতাল নির্ধারিত অস্ত্রোপাচার ও বহির্বিভাগের রোগীদের ‌অ‌্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Nov 2016, 12:04 PM

Updated : 12 Apr 2022, 03:12 AM

নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক পোস্টে জানিয়েছে ইংল‌্যান্ডের ন‌্যাশনাল হেলথ সার্ভিস ট্রাস্ট।

নর্দান লিঙ্কনশায়ার ও গুলে এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট এই ভাইরাস হামলাকে ‘বড় ধরনের ঘটনা’ অভিহিত করে বলেছে, বুধবারের জন‌্য নির্ধারিত সব অস্ত্রোপচার, বহির্বিভাগের রোগীদের অ‌্যাপয়েন্টমেন্ট এবং সব ধরনের স্বাস্থ‌্য পরীক্ষা বাতিল করেছে তারা।

ওয়েবসাইটের ওই বিবৃতিতে বলা হয়েছে, “৩০ অক্টোবর, রোববার আমাদের ইলেকট্রনিক সিস্টেম একটি ভাইরাসের আক্রান্ত হয়েছে। এটিকে (ভাইরাস) বিচ্ছিন্ন ও ধ্বংস করতে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আমাদের সিস্টেমের অধিকাংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

বড় ধরনের আঘাতে আহতদের এবং প্রসববেদনায় থাকা নারী রোগীদের অন‌্যান‌্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কোনো সাইবার হামলার মাধ‌্যমে সিস্টেমটি ভাইরাস আক্রান্ত হয়েছে কিনা তা পরিষ্কার না। তবে চলতি বছরের প্রথমদিকে যুক্তরাষ্ট্র ও কানাডা এক বিরল যৌথ সাইবার সতর্ক বার্তায় ‘র‌্যানস‌ামওয়‌্যার’ নামে পরিচিত একটি ভাইরাসের বিষয়ে সতর্ক করেছিল।

ক্ষতিকর এই সফটওয়‌্যারটি কম্পিউটারগুলোর তথ‌্য আটকে রাখে বা তথ‌্যকে সঙ্কেতে পরিবর্তন করে ফেলে, এরপর তথ‌্য ফিরিয়ে দেওয়ার জন‌্য অর্থ দাবি করে ম‌্যাসাজ দেয়।

মার্চে লস অ‌্যাঞ্জেলসের হলিউড প্রেসবিটারিয়ান হাসপাতাল ‘র‌্যানস‌ামওয়‌্যার’ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর নিজেদের সিস্টেমের স্বাভাবিক অবস্থা ফিরে পেতে ১৭ হাজার ডলার মুক্তিপণ দিতে বাধ‌্য হয়েছিল।