পাকিস্তানে শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে নিহত ১২
পাকিস্তানের একটি শিপব্রেকিং ইয়ার্ডে পরিত্যাক্ত একটি তেলবাহী জাহাজ কাটার সময় ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশের লাসবেলা জেলার গাদানি শিপব্রেকিং ইয়ার্ডের এ ঘটনায় আরো ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দ্য ডন।
লাসবেলার ডেপুটি কমিশনার জুলফিকার আলি শাহ বলেছেন, “শিপইয়ার্ডটিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত তথ্য পেয়েছি আমরা।”
স্থানীয় হাব শহর পুলিশের ডেপুটি সুপার নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, কর্মীদের দেওয়া তথ্যমতে ঘটনার সময় জাহাজটিতে শতাধিক শ্রমিক কাজ করছিলেন।
অন্তত ৩০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। অনেকে জাহাজটির ভিতরে আটকা পড়েছেন। বাকীদের মধ্যে অনেকে জাহাজ থেকে সাগরে ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষা করেছেন।
গ্যাস ঝাঁলাইয়ের কাজ চলার সময় হঠাৎ করে জাহাজটিতে বিস্ফোরণ ঘটতে শুরু করে। পরপর প্রায় আটটি বিস্ফোরণ ঘটে। আরো বিস্ফোরণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আটকে পড়া ও আহতদের উদ্ধারে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কাজ শুরু হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লা জেহরি উদ্ধার কাজ দ্রুততর করার নির্দেশ দিয়েছেন।
ঘটনাস্থলে প্রয়োজনীয় সংখ্যক উদ্ধারকারী নেই এবং উপস্থিত দমকলের একটিমাত্র অগ্নিনির্বাপন যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।
