২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে ধসে পড়ছে যুক্তরাজ্যের সবচেয়ে পুরনো হোটেল

ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধসে পড়তে শুরু করেছে যুক্তরাজ্যের সবচেয়ে পুরাতন হোটেল রয়্যাল ক্ল্যারেন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2016, 10:46 PM

Updated : 12 Apr 2022, 03:10 AM

ডেভন কাউন্টির এক্সেটার শহরে ১৭৬৯ সালে এ হোটেলটি নির্মান করা হয়।

বিবিসির খবরে বলা হয়, রয়্যাল ক্ল্যারেন্স হোটেলে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলছে। হোটেলের সামনের দিকে কিছু অংশ এরই মধ্যে ধসে পড়েছে।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে  হোটেলের পাশের একটি গির্জায় আগুনের সূত্রপাত হয় এবং পরে তা পুরো হোটেলে ছড়িয়ে পড়ে।

বিবিসি জানায়, গির্জা থেকে আগুন ক্যাসেল ফাইন আর্ট গ্যালারি, একটি ক্যাফে এবং রয়্যাল ক্ল্যারেন্স হোটেলে ছড়িয়ে পড়ে।

অগ্নিনির্বাপক বাহিনীর একজন মুখপাত্র বলেন, আগুনে গ্যালারি এবং হোটেল ধ্বংস হয়ে গেছে।

কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি বলেও জানান তিনি। 

চিফ ফায়ার অফিসার লি হোয়েল বলেন, “এ ঘটনায় কেউ আহত হয়নি, এজন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কিন্তু এ ঘটনায় এলাকাবাসী একটি ঐতিহাসিক ভবন খুইয়েছে। যেটা নগরীর মাইলফলকগুলোর একটি ছিল।”

অগ্নিকাণ্ডের সময় অস্ট্রেলিয়ার পর্যটক লুসি হোটেলে ছিলেন।

স্থানীয় একটি রেডিওকে তিনি বলেন, “৫টার দিকে ‘ফায়ার এলার্ম’র বিকট শব্দে আমার ঘুম ভাঙ্গে। কেউ আমার দরজায় জোরে আঘাত করছিল। জানালা দিয়ে চারিদিকে আমি কমলা রংয়ের আগুনের শিখা দেখতে পাই।”

“আমি আমার পাসপোর্টটি আঁকড়ে ধরে কোনো রকমে নিচে নামি। ওই সময় পুরো ভবন জ্বলছিল।”

হোটেলটির মালিক অ্যান্ড্রু ব্রাউনসোর্ড হোটেলস এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “সব জরুরী সেবা দান প্রতিষ্ঠান বিশেষ করে অগ্নি নির্বাপক বাহিনীর কাছে তাদের অসাধারণ কাজের জন্য আমরা দারুণভাবে কৃতজ্ঞ। তারা রাতভর অক্লান্ত পরিশ্রম করেছেন।”