২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় পৃথক দুটি আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে দুই আত্মঘাতীর পৃথক দুটি বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Oct 2016, 05:21 PM

Updated : 25 Jul 2022, 09:32 PM

সাত বছর ধরে বোকো হারাম জঙ্গিদের বিদ্রোহ জর্জরিত শহরটিতে শনিবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে হামলার ধরনে বোকো হারামের জঙ্গিরা হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বোকো হারাম। এই লক্ষে তাদের শুরু করা লড়াইয়ে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত ও ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, ভোর ৬টার দিকে বাস্তুচ্যুত মানুষদের জন্য স্থাপিত বাকাসি শিবিরের সামনে এক নারী আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন, এতে পাঁচ পুরুষ নিহত ও ১১ নারী আহত হন।

প্রায় একই সময় অপর এক নারী আত্মঘাতী হামলাকারী রাষ্ট্রীয় তেল কোম্পানি এনএনপিসি-র একটি জ্বালানি ডিপোতে প্রবেশের চেষ্টাকালে বোমা বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন, এতে আরো তিনজন নিহত হন।

নিহতদের লাশ সরকারি জরুরি বিভাগের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা।

২০১৫ সালের শুরুতে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিশাল একটি এলাকা দখল করে নিয়েছিল বোকো হারাম। কিন্তু প্রতিবেশী দেশগুলোর সেনাবাহিনীর সহায়তায় নাইজেরিয়ার সেনাবাহিনী জঙ্গিগোষ্ঠীটির দখলে থাকা বেশিরভাগ এলাকা পুনরুদ্ধার করেছে। 

তবে নাইজেরিয়ার ওই এলাকাসহ প্রতিবেশী নাইজার ও ক্যামেরুনে প্রায়ই আত্মঘাতী বোমা হামলা চালিয়ে থাকে জঙ্গিগোষ্ঠীটি।