২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মসুলের লড়াইয়ে ‘৯শ যোদ্ধা খুইয়েছে আইএস’

ইরাকের মসুল শহর পুনরুদ্ধারে গত সপ্তাহ থেকে চালানো অভিযানে এ পর্যন্ত ৮০০ থেকে ৯০০ ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2016, 09:32 PM

Updated : 12 Apr 2022, 03:09 AM

মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি’কে একথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

তিনি বলেন, “গত প্রায় দেড় সপ্তাহে ইরাকের মসুলে যেসব অভিযান চালানো হয়েছে তাতে আমাদের ধারণা, প্রায় ৮শ’-৯শ’ আইএস যোদ্ধা নিহত হয়েছে।”

মসুলে অভিযান শুরুর আগে ৫ হাজার আইএস যোদ্ধা ছিল বলে ধারণা করা হচ্ছে। তখন থেকেই সেনা ও তাদের মিত্র যোদ্ধারা মার্কিন-নেতৃত্বাধীন কোয়ালিশনের সহায়তায় লড়াইয়ে অনেক ক্ষেত্রেই অগ্রগতি করেছে।

তারপরও কমান্ডাররা সতর্ক করে দিয়ে বলেছিলেন, মসুলের লড়াইয়ে কয়েকমাস না লাগলেও কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।

ইরাকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা, কুর্দি পেশমেরগা যোদ্ধারা, সুন্নি আরব আদিবাসীরা এবং শিয়া মিলিশিয়ারা মিলে প্রায় ৫০ হাজার সদস্য এ অভিযানে জড়িত। তাদের সঙ্গে আরও আছেন ১শ’রও বেশি মার্কিন সামরিক কর্মকর্তা। তারা কমান্ডারদেরকে পরামর্শ দেওয়াসহ সরাসরি বিমান হামলায় সহায়তা করছেন।

ইরাক সরকার বুধবার মার্কিন কমান্ডারদেরকে বলেছে, মসুলের লড়াইয়ে ৭৫ জন ইরাকি সেনা নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছে। পেশমেরগা বাহিনীতে ২০ থেকে ৩০ জন হতাহত হয়েছে।

রণক্ষেত্র থেকে শত শত জঙ্গিকে সরিয়ে নেওয়ার পরও ইরাকে মার্কিন বাহিনীর প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, ইরাকি সেনারা মসুলের যত কাছে যাবে আইএস এর প্রতিরক্ষা ততই শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা আছে।