২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিরাপদ আশ্রয়ের প্রস্তাব প্রত‌্যাখ‌্যান সিরীয় ফার্স্টলেডির’

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে নিরাপদ আশ্রয়ে যেতে দেওয়ার একটি চুক্তির প্রস্তাব প্রত‌্যাখ‌্যান করেছিলেন দেশটির ফার্স্টলেডি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 11:41 AM

Updated : 12 Apr 2022, 03:06 AM

ওই সুযোগের পরিবর্তে তিনি তার স্বামী প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পাশেই থাকতে চান বলে জানিয়েছেন।

বিবিসি বলছে, ফার্স্টলেডি আসমা আল-আসাদ জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যারা তাকে নতুন ঠিকানা দেওয়ার প্রস্তাব দিচ্ছেন তারা তার স্বামীকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাসীন দেখতে চান না, তার ক্ষতি করতে চান।

রাশিয়ার সরকার সমর্থিত একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ফার্স্টলেডি আসমা এই কথা বললেও কে বা কারা এই প্রস্তাব দিয়েছেন তা জানাতে অস্বীকৃতি জানান।

রোশিয়া ২৪ টেলিভিশনকে আসমা বলেন, “আমি শুরু থেকেই এখানে ছিলাম, সেখান থেকে অন‌্য কোথাও যাওয়ার কথা আমার ভাবনাতেই আসেনি।”

তিনি বলেন, “আমাকে সিরিয়া ত‌্যাগের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবের মধ‌্যে আমার সন্তানদের নিরাপত্তাসহ আর্থিক নিরাপত্তার নিশ্চয়তাও ছিল।”

 “জনগণ যেন তাদের প্রেসিডেন্টের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে, সেজ‌ন‌্য পরিকল্পিতভাবে এই উদ‌্যোগ নেওয়া হয়েছিল।” -বলেন আসমা।

সাবেক ব‌্যাংক কর্মকর্তা আসমার জন্ম লন্ডনে। ২০০০ সালে আসাদ তার বাবা হাফিজের কাছ থেকে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করার পর আসমা দেশটির ফার্স্টলেডি হন।

হাফিজ ১৯৭১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়া শাসন করেন।

২০১১ সালের মার্চে সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের পদত‌্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। পরবর্তী সময়ে তা গৃহযুদ্ধে রূপ নেয়।

পাঁচবছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে দেশটিতে প্রায় ৪ লাখ মানুষ নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে।