২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান পার্টির অফিসে ‘আগুনে বোমা’

যুক্তরাষ্ট্রে নর্থ ক্যারলাইনা রাজ্যের অরেঞ্জ কাউন্টিতে রিপাবলিকান দলের স্থানীয় প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 09:41 PM

Updated : 12 Apr 2022, 03:05 AM

রোববার রিপাবলিকান পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রাতে অরেঞ্জ কাউন্টিতে রিপাবলিকান পার্টির প্রধান কার্যালয়ের ভেতরে জানালা দিয়ে এক বোতল দাহ্য পদার্থ ছুড়ে মারা হয়।

রাজ্যের রিপাবলিকান পরিচালক ডালাস উডহাউজ জানান, অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি। তবে এ ঘটনার পর অন্যান্য কার্যালয়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

ভবনটিতে ‘নাৎসি রিপাবলিকানরা শহর অথবা অন্য কোথাও থেকে বেরিয়ে যাও’ স্লোগান লেখা ছিল বলে জানিয়েছে বিবিসি।

টুইটারে প্রতিদ্বন্দ্বী দল ডেমক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন এ হামলাকে ‘ভয়াবহ এবং অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।

যদিও রিপাবলিকান প্রার্থী ডোনাল ট্রাম্প ডেমক্রেটিক সমর্থকদের এ হামলার জন্য দায়ী করেছেন।

টুইটারে তিনি লেখেন, “অরেঞ্জ কাউন্টিতে আমাদের কার্যালয়ে আগুনে বোমা বিস্ফোরণের মাধ্যমে পশুরা হিলারি ক্লিন্টন ও ডেমক্রেটিক দলের প্রতিনিধিত্ব করছে, কারণ আমরা নির্বাচনে জিততে যাচ্ছি।”

উডহাউজ জানান, দাহ্য পদার্থ ভরা বোতলটি একটি সোফার কাছে গিয়ে পড়ে।

“ওই সোফাটিতে সাধারণত দলের কর্মীরা বিশ্রাম গ্রহণ করে। তারা দিনরাত কাজ করছে। অলৌকিকভাবে এ ঘটনায় কেউ নিহত হয়নি। আমাদের কার্যালয়ে আগুনের ঘটনা রাজনৈতিক সন্ত্রাস।”

স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।

হিলসবোরা শহরের মেয়র ডেমক্রেটিক নেতা টম স্টিভেন্স এ ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, “এই ভয়ঙ্কর বিরক্তিকর কাজটি শুধুমাত্র সম্পত্তি ভাংচুরের সাধারণ ঘটনায় সীমাবদ্ধ নেই। এটি ইচ্ছাকৃতভাবে আগুনের মাধ্যমে আমাদের সমাজের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হয়েছে।”

৮ নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নর্থ ক্যারলাইনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে হিলারি ও ট্রাম্প উভয়ই গত মাসে চারবার করে এই রাজ্য সফর করেছেন।