২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ফেরি ডুবে ১৪ জনের মৃত্যু, বহু নিখোঁজ

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি নদীতে ফেরি ডুবে অন্তত ১৪ জন মারা গেছেন, এছাড়া বহু লোক নিখোঁজ রয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Oct 2016, 01:14 PM

Updated : 12 Apr 2022, 03:05 AM

শনিবার সাগাইন অঞ্চলের চিন্দউয়িন নদীতে এ ফেরি ডুবির ঘটনা ঘটে বলে সোমবার জানিয়েছেন এক কর্মকর্তা।

ফেরিটি হোমালিন থেকে মোনিওয়া যাওয়ার পথে শনিবার ভোর ৫টার দিকে কানির কাছে ডুবে যায়। কানি মিয়ানমারের সাবেক রাজকীয় রাজধানী মান্দালয় থেকে ১৩৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

দেশটির ত্রাণ বিভাগের আঞ্চলিক প্রধান সা উয়িলি ফ্রাঙ্ক জানান, ফেরি ডুবির পর চিন্দউয়িন নদী থেকে প্রায় দেড়শ জনকে উদ্ধার করা হয়েছে।  

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “এইমাত্র আমরা ডুবে যাওয়া ফেরিটির সঠিক অবস্থান শনাক্ত করতে পেরেছি, শক্তিশালী একটি ক্রেন ব্যবহার করে ফেরিটি তোলার চেষ্টা করা হচ্ছে।

“এ পর্যন্ত ১৪টি লাশ উদ্ধার করা হয়েছে, ৮৫ জন এখনও নিখোঁজ রয়েছেন।”  

নিখোঁজের সংখ্যা আরো বেশি হতে পারে বলে জানিয়েছেন সাগাইনের আঞ্চলিক পার্লামেন্টের এক আইনপ্রণেতা।

তিনি বলেন, “প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছি, ফেরিটিতে অন্তত ৩০০ জন যাত্রী ছিল, যদিও সরকারিভাবে এর ধারণ ক্ষমতা ছিল প্রায় ১২০ জনের মতো।”

মিয়ানমারের নৌপথে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। ২০১৫ সালে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে একটি ফেরি ডুবে ৬৪ জন মারা গিয়েছিলেন।