২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনে কিশোরকে ক্লাউনের মুখোশ পরিহিত ব্যক্তির ছুরিকাঘাত

ক্লাউনের মুখোশ পরিহিত এক ব্যক্তি এক কিশোরকে ছুরিকাহত করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2016, 02:55 PM

Updated : 12 Apr 2022, 03:04 AM

বিবিসি বলছে, সুইডেনের পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

গোটেনবার্গের দক্ষিণে ভারবার্গে ধূমপানের জন্য ওই কিশোর বের হলে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে সে সামান্য আহত হয়েছে।

সুইডেনের কেন্দ্রীয় অঞ্চলে ক্লাউনের মুখোশ পরিহিত দুই ব্যক্তি এক নারীকে হত্যার হুমকি দেওয়ার পরদিন এই ঘটনা ঘটল।

ধারণা করা হচ্ছে, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ‘ভয়ঙ্কর মুখোশ’ পরিহিত অবস্থায় মানুষজনকে ভয় দেখানোর যে চল রয়েছে, তারই অনুকরণে সুইডেনের এই ঘটনা।

পুলিশ ভারবার্গের ওই ক্লাউনের মুখোশ পরিহিত ব্যক্তিকে খুঁজছেন। কিন্তু এরসঙ্গে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালে শুরু হওয়া ‘মুখোশ’ ঢেউয়ের সম্পর্ক রয়েছে কিনা এখনো পর্যন্ত তা নিশ্চিত হতে পারেনি।

সুইডেনের কিশোরটির কাঁধে সামান্য আঘাত লেগেছে বলে জানা গেছে।

মুখপাত্র উলা ব্রেহেম বলেন, “আমরা জানি না কেন এমনটি ঘটেছে। এটি ডাকাতির কোনো ঘটনা ছিল না। আমরা এও জানি না, এরআগে তাদের মধ্যে মারামারির কোনো ঘটনা ঘটেছিল কিনা।”

তিনি আরো বলেন, “মার্কিন ট্রেন্ডের ধারাবাহিকতায় এখানে এমনটি ঘটেছে কিনা এ বিষয়ে কিছু বলা বেশ কঠিন। কিন্তু ঘটনাস্থলে ক্লাউনের একটি মুখোশ ছিল।”