২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজম্যানকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর ‘ফেব্রুয়ারির মধ্যে’

‘এল চাপো’ নামে পরিচিতি পাওয়া কারাবন্দি মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকুইন গুজম্যান ২০১৭ সালের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> Reuters

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2016, 10:15 AM

Updated : 12 Apr 2022, 03:04 AM

মেক্সিকোর একজন শীর্ষ সরকারি কর্মকর্তা শুক্রবার এই তথ্য জানিয়েছেন।

অবশ্য যুক্তরাষ্ট্রে হস্তান্তর প্রক্রিয়া বন্ধে মেক্সিকোর আদালতে গুজম্যানের আইনজীবীদের দায়ের করা আপিলের নিষ্পত্তি এখনো হয়নি।

চলতি বছরের জানুয়ারিতে গুজম্যানকে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর লস মোচিস থেকে গ্রেপ্তার করা হয়। এর ছয়মাস আগে তিনি দেশটির সর্বোচ্চ সুরক্ষিত বলে বিবেচিত কারাগার থেকে পালিয়ে যান। নিজের কারাকক্ষ থেকে সুড়ঙ্গ খুঁড়ে তিনি পালিয়ে গিয়েছিলেন।

১৫ বছরেরও কম সময়ে মধ্যে দুইবার জেল ভেঙে পালিয়েছিলেন গুজম্যান। দেশটির প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়েতো গুজম্যানকে দ্রুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের অঙ্গীকার করেছিলেন।

মেক্সিকোর জাতীয় নিরাপত্তা কমিশনার রেনাটো সেলস শুক্রবার পরিষ্কার ধারণা দিয়ে বলেছেন, তাকে (গুজম্যান) হস্তান্তরের বিষয়টি শিগগিরই সমাধান হবে বলে তিনি আশা করছেন।

স্থানীয় টেলিভিশনকে তিনি বলেন, “আমরা আশা করছি (গুজম্যানের হস্তান্তর) জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যেই হয়ে যাবে।”

তবে গুজম্যানের আইনজীবী হোসে রিফুজিও রদ্রিগুইজ বলেন, অনেকগুলো আপিল নিষ্পত্তির বিষয় রয়েছে। এই সময় যথেষ্ঠ নয়। ২০১৭ সালের শুরুর দিকে তাকে শুধুমাত্র জোরপূর্বক জেল থেকে বের করে পাঠানো সম্ভব।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার জেল ভেঙ্গে পালানোর পর মাদকচক্র সিনালোয়া কার্টেলের মূল হোতা গুজমানকে জানুয়ারিতে পুনরায় আটক করা হয়।

তখন থেকেই শীর্ষ এই মাদক সম্রাটকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

গুজম্যানের মাদক চোরাচালানী চক্র সিনালোয়া প্রতিবেশী যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ নিষিদ্ধঘোষিত মাদক পাচার করে।

গুজম্যান গেল কয়েক দশকে  বিশ্বের সবচেয়ে সুগঠিত ও অন্যতম ক্ষমতাশালী অপরাধী চক্রের ‘বস’ হয়ে উঠেছিলেন, এমনকি ফোর্বস সাময়িকীতে বিশ্বের শীর্ষস্থানীয় কোটিপতিদের তালিকায় তার নামও উঠেছিল।