২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের শীর্ষ আদালতে পুলিশী অভিযান

১৮৯ জন বিচারক ও আইনজীবীকে গ্রেপ্তারের পরোয়ানা তুরস্কের শীর্ষ আপিল আদালতে অভিযান চালিয়েছে পুলিশ। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Oct 2016, 10:06 PM

Updated : 12 Apr 2022, 03:04 AM

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু নিউজ এজেন্সির খবরে বলা হয়, ব্যর্থ সেনা অভ্যূত্থানের পর অভ্যূত্থান পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে ধরপাকড়ের অংশ হিসেবে শুক্রবার নতুন করে গ্রেপ্তার অভিযান চলে।

স্মার্ট ফোন ম্যাসেজিং অ্যাপ ‘বাইলক’  ব্যবহারের অভিযোগ এনে বিচারক ও আইনজীবীদের গ্রেপ্তার করা হয় বলেও জানায় সংবাদ সংস্থাটি।

রয়টার্স জানায়, ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যূত্থানের পর এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। এছাড়া, শীর্ষ সেনা কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি উচ্চ পর্যায়ের এক লাখের বেশি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে বসবাসকারি তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন ব্যর্থ অভ্যূত্থানের মূল পরিকল্পনাকারী বলে দাবি দেশটির প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের।

তুরস্কের গোয়েন্দা সংস্থার দাবি, ২০১৪ সাল থেকে গুলেনের অনুসারীরা ‘বাইলক’ অ্যাপ ব্যবহার শুরু করে।

এখন পর্যন্ত তারা ৫৬ হাজার ‘বাইলক’ অ্যাপ ব্যবহারকারীকে শনাক্ত করেছে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা।

গত সপ্তাহে বাইলক অ্যাপ ব্যবহারের অভিযোগে শতাধিক পুলিশ ও আমলাকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, অভ্যূত্থান পরিকল্পনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার ২৪০০ জন শিক্ষককে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে আনাদলু।

একই দিন সেনাবাহিনীর ১০৯ জন বিচারককে বরখাস্ত করা হয়েছে বলে জানায় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।