পূর্ব আলেপ্পোতে রুশ জঙ্গিবিমানের ব্যাপক বোমাবর্ষণ
কয়েকদিন অপেক্ষাকৃত শান্ত থাকার পর সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাংশে ফের ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে রুশ জঙ্গিবিমানগুলো।
যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং একটি বিদ্রোহীগোষ্ঠীর মুখপাত্র এসব হামলার কথা জানিয়েছেন।
মঙ্গলবার চালানো এসব হামলার বেশিরভাগই বুস্তান আল কাসর এলাকায় চালানো হয় বলে জানিয়েছেন তুরস্কে অবস্থানরত আলেপ্পো-ভিত্তিক বিদ্রোহীগোষ্ঠী ফাস্তাকিমের মুখপাত্র জাকারিয়া মালহিফজি।
তিনি বলেন, “বোমাবর্ষণ আবার শুরু করা হয়েছে, আর এটি ব্যাপক।”
অবজারভেটরি জানিয়েছে, বুস্তান আল কাসর, ফেরদৌস এবং অন্যান্য এলাকায় বোমাবর্ষণে নিহতের সংখ্যা অন্ততপক্ষে ২৫ জনে দাঁড়িয়েছে, পাশাপাশি বহু লোক আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা জানিয়েছেন, বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরটির অংশে এবং নিকটবর্তী গ্রামগুলোতে বিমান হামলায় অন্ততপক্ষে ৫০ জন বেসামরিক নিহত হয়েছেন।
বুস্তান আল কাসরের এক বাসিন্দা জানিয়েছেন, বিমান থেকে নিক্ষিপ্ত বোমা একটি মেডিকেল সেন্টার ও শিশুদের একটি খেলার মাঠে আঘাত করেছে।
সিরীয় সেনাবাহিনীর জানিয়েছে, তারা আলেপ্পোর উত্তরাংশের শহরতলীতে আল জানদৌল ট্র্যাফিক সার্কেলের ওপর নিয়ন্ত্রণ আরো দৃঢ় করেছে।
গেল সপ্তাহে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে বিমান হামালার মাত্রা হ্রাস করেছিল রুশ ও সিরীয় বাহিনী। বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে আটকা পড়া বেসামরিকদের শহর ছেড়ে যাওয়ার সুযোগ দিতে হামলার মাত্রা হ্রাস করা হয়েছিল বলে জানিয়েছে সিরীয় বাহিনী।
সিরিয়ার সরকার বলেছিল, পূর্ব আলেপ্পোয় অবরুদ্ধ হয়ে পড়া বিদ্রোহী যোদ্ধারা অস্ত্র নামিয়ে রেখে পরিবার-পরিজন নিয়ে নিরাপদে শহর ছেড়ে চলে যেতে পারবে। কিন্তু সরকারি এ প্রস্তাবকে ‘ছলচাতুরি’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে বিদ্রোহীরা।
এক সময়ে সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পো কয়েক বছর ধরে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অংশের মধ্যে বিভক্ত হয়ে আছে।
সম্প্রতি বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশটি অবরুদ্ধ করে রেখেছে সরকারি বাহিনী। ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযানের মাধ্যমে ওই অংশের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে তারা।
