২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীনগরের সরকারি ভবনে গোলাগুলি, ২ সন্ত্রাসী নিহত

পঞ্চাশ ঘণ্টারও বেশি সময় গোলাগুলির পর সন্ত্রাসীদের দখলে থাকা জম্মু ও কাশ্মীরের একটি সরকারি ভবনে প্রবেশ করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2016, 01:10 PM

Updated : 20 Aug 2022, 01:54 PM

সাততলা এন্ট্রিপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (ইডিআই) ভবনে গোলাগুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

ভবনটির ভেতরে আরেকজন সন্ত্রাসী থাকতে পারে বলে ধারণা করে সেখানে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এ ভবনেই বড় ধরনের সন্ত্রাসী হামলা হয়েছিল, যাতে পাঁচ সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তি নিহত হন। পাল্টা হামলায় তিন সন্ত্রাসীও মারা যায়।

তরুণ উদ্যোক্তাদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হত ইডিআই ভবনে। নিরাপত্তাবাহিনীর গুলিতে বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানি নিহত হওয়ার পর কাশ্মিরজুড়ে অস্থিরতার মধ্যে তিন মাস আগে প্রশিক্ষণকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়।

সোমবার ভোর সাড়ে ৬টার দিকে দুই-তিনজন সন্ত্রাসী ইডিআই ভবনে ঢুকে পড়ে বলে ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সন্ত্রাসীরা নৌকায় করে পাকিস্তান থেকে ঝিলাম নদী ধরে পামপোরে এলাকার এ ভবনে ঢুকে আগুন ধরিয়ে দেয় বলে এক সেনা কর্মকর্তা জানান।

আগুন দেখে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভবনটির কাছে গেলে সন্ত্রাসীরা তাদের দিকে গুলি ছোড়ে। শুরু হয় গোলাগুলি।

প্রথমদফা গোলাগুলিতে এক সেনাসদস্য আহত হন। এর অল্প কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর বিশেষ একটি দল ঘটনাস্থলে যায়। গোলাগুলির এক পর‌্যায়ে মঙ্গল ও বুধবার দুই সন্ত্রাসী নিহত হয়।

এই সেনা দলটিই উরি হামলার পর পাকিস্তান সীমান্তের ভেতরে ঢুকে ‘সার্জিকাল স্ট্রাইক’ চালিয়েছিল দাবি এনডিটিভির।

সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিরাপত্তাবাহিনী মেশিনগান থেকে গুলি ছোড়ার পাশাপাশি অর্ধশতাধিক রকেট ও শতাধিক গ্রেনেড ছুঁড়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। বুধবার ঘটনাস্থলের ১০ কিলোমিটার দূর থেকেও গোলাগুলির শব্দ শোনা গেছে।

রাজ্যের রাজধানী শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত ইডিআই ভবনের ৫০টি কক্ষকে সন্ত্রাসীরা ‘বাংকারের মত’ ব্যবহার করছিল বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।

দুইদিন ধরে গোলাগুলিতে ভবনটিতে বেশ কয়েকবার আগুন ধরে গেলেও সন্ত্রাসীদের সেখান থেকে বেরোতে হয়নি। তাদের কাছে লম্বা সময় লড়াই চালিয়ে যাওয়ার মত গোলাবারুদ ছিল বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে উরির সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনা নিহতের পর এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত।

সপ্তাহ কয়েক আগে ভারতীয় সেনাবাহিনীর একটি দল পাক সীমান্তের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের জঙ্গি ঘাঁটিতে ‘সার্জিকাল স্ট্রাইক’ হামলা চালানোর দাবি করে।

ওই হামলার প্রতিক্রিয়ায় জঙ্গিরা সীমান্ত অতিক্রম করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ও অন্যান্য রাজ্যে হামলা চালাতে পারে বলে আশঙ্কা ভারতের গোয়েন্দাদের। এজন্য সীমান্তে সেনা উপস্থিতিও বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ চার রাজ্যের ২২ বিমানবন্দরে জারি করা হয়েছে সতর্কতা।

পুরনো খবর:

ভারতের শ্রীনগরে সরকারি ভবনে গোলাগুলি