ভারতের শ্রীনগরে সরকারি ভবনে গোলাগুলি
ভারতের জম্মু ও কাশ্মিরের প্রাদেশিক রাজধানী শ্রীনগরের কাছে একটি সরকারি প্রতিষ্ঠানের ভেতরে সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে জানা গেছে।
সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে দুই থেকে তিনজন সন্ত্রাসী সাততলা সরকারি ভবনটিতে ঢুকে পড়ে। ভবনটিতে মোট ৫০টি কক্ষ রয়েছে।
গোলাগুলিতে এখন পর্যন্ত এক সেনা আহত হয়েছেন এবং ভবনের একাংশে আগুন জ্বলছে বলেও জানিয়েছে ভারতীয় টেলিভিশন চ্যানেলটি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে এই ভবনটিতেই বড় ধরনের সন্ত্রাসী হামলা হয়েছিল।
ঘটনার বর্ণনায় নাম প্রকাশে অনিচ্ছুক সেনা কর্মকর্তারা বলেন, নৌকায় করে ঝিলাম নদী বেয়ে সোমবার ভোরে সন্ত্রাসীরা শ্রীনগরের কাছে পামপোরে এলাকার বাণিজ্যিক উন্নয়ন প্রতিষ্ঠানের (ইডিআই) ছাত্রাবাসে প্রবেশ করে এবং আগুন ধরিয়ে দেয়।
আগুন দেখে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে করে এবং বন্দুকযুদ্ধ শুরু হয়। সেখানে বিস্ফোরণের শব্দও শোনা যায়।
অভিযানের দায়িত্বে থাকা একজন সেনা কর্মকর্তা দ্রুত সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
