২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের পিছিয়ে পড়া হিলারির জন্য নতুন উদ্বেগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নতুন এক উদ্বেগ আর ঝুঁকির মুখে পড়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Oct 2016, 09:20 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পিছিয়ে পড়াটাই হিলারির প্রচার শিবিরের জন্য নতুন উদ্বেগ হয়ে উঠছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মতামত জরিপে ট্রাম্প ক্রমাগত পিছিয়ে পড়তে থাকলে হিলারি সহজেই জিতবেন এ ভাবনা থেকে ৮ নভেম্বরের নির্বাচনের দিন অনেক ডেমক্রেট সমর্থকই হয়ত ভোট দিতে নাও যেতে পারেন।

এমন হলে হিলারি যথেষ্ট জনসমর্থন ছাড়া হোয়াইট হাউসে যেতে পারেন। এতে করে কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দিক থেকে প্রয়োজনীয় সমর্থন তার হাতে থাকবে না। আর এর চেয়েও সবচে খারাপ যা হতে পারে, সেটি হচ্ছে নির্বাচনের দিন রিপাবলিকান ভোটার অনেক বেশি হয়ে গেলে হিলারি হেরেও যেতে পারেন।

হিলারির প্রচার শিবির বেশিরভাগ সময়ই ট্রাম্প প্রেসিডেন্ট হলে কী হতে পারে সে বিষয়ে জনগণকে সতর্ক করে এসেছে। কিন্তু নিজে প্রেসিডেন্ট হলে কী করবেন সে বিষয়ে জনগণকে স্পষ্ট করে বোঝাতে ব্যর্থ হয়েছেন হিলারি। গুরুত্বপূর্ণ নির্বাচনী আসনগুলোতেও সাড়া জাগাতে পারেননি তিনি। সেইসঙ্গে সংখ্যালঘু ভোটার এবং লিবারেল ডেমোক্র্যাটদেরকেও ভোট দেওয়ায় উৎসাহিত করতে ব্যর্থ হয়েছেন হিলারি।

মতামত জরিপের তথ্যানুযায়ী, নির্বাচনী প্রচারের শুরুর দিকে অনেক ভোটার শুধুমাত্র ট্রাম্পের ক্ষমতায় যাওয়া ঠেকানোর জন্য হিলারিকে ভোট দিয়েছেন। এ অবস্থায় ট্রাম্প পিছিয়ে পড়তে থাকলে ভোটাররা যদি মনে করেন যে তার জয়লাভের আর কোনও আশা নেই তাহলে তারা কি আর ভোট দিতে যেতে চাইবেন? প্রশ্ন হচ্ছে সেটি।

সম্প্রতি রয়টার্স/ইপসোস পরিচালিত এক মতামত জরিপে দেখা গেছে ; হিলারির প্রায় অর্ধেক সমর্থকই বলেছেন, ট্রাম্পের জয় আটকাতে তারা হিলারিকে ভোট দিয়েছেন। অন্যদিকে, মাত্র ৩৬ দশমিক ৫ শতাংশ ভোটার হিলারির নীতিকে সমর্থনের কারণে তাকে ভোট দিয়েছেন। আর ১২ দশমিক ৬ শতাংশ মানুষ হিলারিকে পছন্দ করার কারণে তাকে ভোট দিয়েছেন।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বিশেষজ্ঞ মিশেল ম্যাকডোনাল্ড রয়টার্সকে বলেন, “ভোটার উপস্থিতির হার প্রতিযোগিতার মাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত। প্রতিযোগিতা যত হাড্ডাহাড্ডি হবে, ভোটর উপস্থিতি তত বেশি হবে।”

তরুণ, কৃষ্ণাঙ্গ, লাতিন আমেরিকান ও নিম্ন আয়ের ভোটার যারা মূলত ডেমক্রেটিক দলের সমর্থক তারা বেশিরভাগ সময়ই বিশেষ কোনও একজন প্রার্থী বা ইস্যুতে অনুপ্রাণিত হয়ে ভোটকেন্দ্রে যায় বলে মন্তব্য করেন ম্যাকডোনাল্ড।

উদাহরণ হিসেবে ২০০৮ সালের নির্বাচনের কথা বলেন তিনি।

ম্যাকডোনাল্ড বলেন, “সেবার ডেমক্রেটিক দলের চেয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের বেশি অনুপ্রাণিত করতে পেরেছিলেন।”

নারীদের নিয়ে ট্রাম্পের অশ্লীল মন্তব্যের টেপ ফাঁস হওয়ার আগে রয়টার্সের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে পরিচালিত জরিপে দেখা যায়, নির্বাচনে হিলারির জয়ের সম্ভাবনা ৯৫ শতাংশ।

এরপর সোমবার প্রকাশিত এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নাল পরিচালিত জরিপে দেখা গেছে, জাতীয়ভাবে হিলারির চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছেন ট্রাম্প।