২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমান হামলার জবাব ইয়েমেনি হুতিদের

সৌদি নেতৃত্বাধীন বাহিনীর প্রাণঘাতী বিমান হামলার পাল্টা জবাবে সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতিরা। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Oct 2016, 10:36 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

ইয়েমেনের রাজধানী সানায় একটি শেষকৃত্যানুষ্ঠানে জড়ো হওয়াদের উপর সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১৪০ জনেরও বেশি মানুষ নিহত ও ৫ শতাধিক মানুষ আহত হওয়ার দু’দিনের মাথায় এ জবাব দিল হুতিরা।

হুতিদের পরিচালিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গালাল আল-রওশানের বাবার শেষকৃত্যানুষ্ঠানে ওই বিমান হামলা  হয়। অনুষ্ঠানটিতে প্রভাবশালী আদিবাসী নেতারা যোগ দিয়েছিলেন। হামলায় হুতি বিদ্রোহীদের উল্লেখযোগ্য সংখ্যক সামরিক এবং নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে বলে ধারণা করা হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের প্রভাবশালী আদিবাসীরা সৌদি-নেতৃত্বাধীন নির্বাসিত সরকারের বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের সঙ্গে যোগ দিতে পারে বলে আশঙ্কা বাড়ছে।

সোমবার ইয়েমেনে যুদ্ধরত সৌদি-নেতৃত্বাধীন জোট বলেছে, তারা সৌদি আরবের কেন্দ্রস্থলে তাইফ সামরিক ঘাঁটিতে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মোকবেলা করেছে। সর্বসাম্প্রতিক এ ক্ষেপণাস্ত্রটি আগের যে কোনও সময়ের চেয়ে সৌদি আরবের অনেক ভেতরে ছোড়া হয়েছে।

ইয়েমেনের কেন্দ্রস্থলে মারিব ঘাঁটিতেও ছোড়া হয়েছে একটি ক্ষেপণাস্ত্র। রাজধানী সানায় হুতি-নিয়ন্ত্রণের বিরুদ্ধে লড়াইরত সরকারপন্থি মিলিশিয়া এবং সেনাদের ঘাঁটি এটি।

ওদিকে, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ম্যাসন লক্ষ্য করে রোববার  ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে রয়টার্সকে জানান পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে ক্ষেপণাস্ত্র দুটি পানিতে পড়েছে বলে জানান তিনি।

হুতিরা অবশ্য যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে।

রিয়াদ ১৮ মাস আগে আরব দেশগুলোকে সঙ্গে নিয়ে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে। দুবছর আগে হুতিদের উৎখাত করা প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর হাদিকে আবারও ক্ষমতায় ফেরানোর চেষ্টায় হুতিদের সঙ্গে লড়ছে সৌদি জোট।

ওদিকে, হুতিরা মনসুর হাদির পূর্বসূরি আলি আবদুল্লাহ সালেহর পক্ষ হয়ে লড়ছে। বেশ কয়েকটি আর্মি ইউনিট তাদেরকে সমর্থন দিচ্ছে এবং দেশের উত্তরের বেশিরভাগ এলাকাসহ রাজধানী সানাও হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।