২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই রাজা ভূমিবলের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল নয়’

চিকিৎসাধীন থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল নয়’ বলে জানিয়েছেন দেশটির প্রাসাদ কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 01:07 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব পারিচলনা করা ৮৮ বছর বয়সী রাজা ভূমিবল পৃথিবীজুড়ে সম্মানিত।

থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সংকট সমাধানে তিনি অন্যতম প্রধান ভূমিকা পালনকারী হিসেবেও বিবেচিত।

সোমবার বিবিসির খবরে বলা হয়, কয়েকমাস ধরে রাজা ভূমিবলকে জনসম্মুখে দেখা যায়নি। গেল বছরের বেশিভাগ সময় তিনি হাসপাতালেই কাটিয়েছেন।

রোববার মধ্যরাতে প্রকাশিত এক বিবৃতিতে প্রাসাদ কর্তৃপক্ষ জানায়, কিডনি জটিলতায় ভুগতে থাকা রাজা ভূমিবল আদুলিয়াদেজের হেমোডায়ালাইসিস করার সময় তার রক্তচাপ অনেক কমে যায়।

বর্তমানে কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাস চলছে। চিকিৎসকরা তার রক্তচাপ স্বাভাবিক পর্যায়ে আনতে সক্ষম হয়েছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে চলতি মাসের শুরুতে শ্বাসযন্ত্রে সংক্রমণের পর সুস্থ হয়ে উঠেছিলেন রাজা ভূমিবল।

১৯৪৬ সালে ভাইয়ের মৃত্যুর পর মাত্র ১৮ বছর বয়সে রাজা ভূমিবল থাইল্যান্ডের সিংহাসনে আরোহণ করে এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন।

চলতি বছরের জুনে তার সিংহাসনের আরোহনের ৭০তম বার্ষিকী পালন করা হয়।