২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেট আসক্তি: চীনে শিশুদের আইন হচ্ছে

ইন্টারনেটের প্রতি শিশুদের আসক্তি নিয়ন্ত্রণে মধ্যরাতের পর অনলাইনে গেমস খেলা নিষিদ্ধ করতে নতুন এক আইন প্রণয়নের পরিকল্পনা করছে চীন সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2016, 07:18 PM

Updated : 12 Apr 2022, 03:01 AM

এনডিটিভির খবরে বলা হয়, গত সপ্তাহে চীনের সাইবারস্পেস অ্যামিনিস্ট্রেশন নতুন এই পরিকল্পনা উপস্থাপণ করে।

সাইবারস্পেস কর্তৃপক্ষ বিদ্যালয়গুলোকে ইন্টারনেট আসক্ত শিশুদের পুনর্বাসনে কাজ করছে এমন প্রতিষ্ঠানকে সাহায্যের এবং ওই সব প্রতিষ্ঠানে (বুট ক্যাম্প) চিকিৎসা পদ্ধতি সম্পর্কে শিশুদের সচেতন করার আহ্বান জানিয়েছেন।  

সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন-র প্রস্তাব সম্পর্কে হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, যদি আইনটি কার্যকর করা সম্ভব হয় তবে মধ্যরাত থেকে সকাল ৮টা পর্যন্ত শিশুদের অনলাইনে গেমস খেলার আটকাতে ওয়েব গেম ডেভেলপাররা বাধ্য হবে।

সেই সঙ্গে ১৮ বছরের কম বয়সী সবাইকে অনলাইনে গেমস খেলার জন্য পরিচয় পত্রসহ নিবন্ধন করতে হবে এবং সেই তথ্য গেম অপারেটরদের সার্ভারে জমা থাকবে।

গেমসের ডিজাইন অবশ্যই এমনভাবে করতে হবে যাতে শিশুদের আসক্তির পর্যায়ে চলে যাওয়া নিয়ন্ত্রণ করা যায় এবং সফ্টওয়্যার ডেভেলপাররা কম বয়সী ব্যবহারকারীদের শনাক্ত করে তাদের নিয়ন্ত্রণ করতে পারে। 

পুরো অক্টোবর জুড়ে জনসাধারণ এই আইন নিয়ে তাদের মতামত জানাতে পারবেন বলেও ‍প্রতিবেদনে বলা হয়।

গত মাসে চীনের উত্তরাঞ্চলে ইন্টারনেট আসক্ত ১৬ বছর বয়সী এক কিশোরী তার মাকে হত্যা করে।

কিশোরীর অভিযোগ ছিল, এ বছরের শুরুতে তার মা তাকে স্যানডং প্রদেশের একটি ‘বুট ক্যাম্পে’ পাঠায়। সেখানে চার মাস ধরে তাকে পেটানো হয় এবং ‘খুব খারাপ’ ভাবে তার চিকিৎসা হয়।

চীনের ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী, দেশটির মোট ইন্টারনেট ব্যবহারকারীর ২৩ শতাংশের বয়স ১৯ বছরের নীচে।

২০১৬ সালের জুনের হিসাব মতে, দেশটির ৭৫ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে।

চীনে ইন্টারনেট আসক্তদের পুনর্বাসন কেন্দ্র বুট ক্যাম্পে সামরিক কায়দায় চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসার অংশ হিসেবে ইলেক্ট্রিক শকসহ বিভিন্ন শারীরিক শাস্তি দেওয়া হয়।

যদিও প্রস্তাবিত পরিকল্পনা আইনে পরিণত হলে দেশটিতে বুট ক্যাম্পের সংখ্যা বেড়ে যাবে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।

তাদের একজন চীনের মানবাধিকার আইনজীবী ওয়াং কিউশি।

তিন বলেন, “এটা চীনের কিশোরদের জন্য একটি বিপর্যয়।”

“এটা আইনে পরিণত হলে নতুন করে আরও অনেক বুট ক্যাম্প চীনে দেখা যাবে। এটা আরও অনেক মানুষকে এই ব্যবসায় নামতে উৎসাহ দেবে।”