২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাথিউ: হাইতিতে নিহত নয় শতাধিক, যুক্তরাষ্ট্রে ৪

আটলান্টিকের ক্যারিবীয় উপকূলে প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাথিউ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে যাওয়ার আগে হাইতিতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Oct 2016, 04:41 PM

Updated : 11 Oct 2022, 08:51 PM

শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘূণিঝড়টির আঘাতে হাইতিতে প্রায় ৯০০ এবং যুক্তরাষ্ট্রে চারজন নিহত হয়েছেন। এর তাণ্ডবে হাইতিতে প্রায় লাখখানেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

উভয় আমেরিকা মহাদেশের মধ্যে সবচেয়ে দরিদ্র দেশ হাইতির বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিহতের মোট সংখ্যা ও ধ্বংসের প্রকৃত চিত্র জানতে কিছুদিন সময় লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। 

ম্যাথিউয়ের কারণে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা এবং নর্থ ক্যারোলাইনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রবল ঝড়ের কারণে এসব এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় হয়েছে।

শুক্রবার সকালের দিকে ম্যাথিউ ফ্লোরিডা স্থলে আঘাত হানতে পারে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (এনএইচসি) পূর্বাভাস দিলেও তা হয়নি। ঘন্টায় ১৯৫ কিলোমিটার বাতাগের বেগ নিয়ে ফ্লোরিডার উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড়টি উত্তর দিকে জর্জিয়া ও ক্যারোলাইনার দিকে এগিয়ে যাচ্ছে।

তবে এটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে এনএইচসি। এর বাতাসের বেগ কমে ঘন্টায় ১৭৭ কিলোমিটার হওয়ায় এনএইচসি ঘূর্ণিঝড়টির মাত্রা দুইয়ে নামিয়ে এনেছে।  

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ধরে উত্তর দিকে এগিয়ে যাওয়ায় ওই উপকূলের ফ্লোরিডা থেকে শুরু করে জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনার উপকূল সংলগ্ন এলাকা থেকে বহু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়ায় লোকজনকে আত্মতুষ্টিতে না ভুগে নিরাপত্তা নির্দেশনা মানার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। 

জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ওবামা বলেছেন, “ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট ঢেউয়ের কারণে জীবনহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।”

চার বছর আগে ঘূর্ণিঝড় স্যান্ডি আঘাত হানার পর ম্যাথিউ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।

ঝড়ের কারণে ফ্লোরিডায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। তবে উপকূলীয় এলাকার টাউনগুলো পানিতে ডুবে গেছে ও গাছপালা উপড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। 

ফ্লোরিডার ১০ লাখেরও বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এছাড়া জর্জিয়া, সাউথ ও নর্থ ক্যারোলাইনার প্রায় তিন লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন রয়েছে। 

ফ্লোরিডায় নিহতদের মধ্যে দুইজন উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে ও ঝড়ের কারণে গ্যারেজে আশ্রয় নেওয়া এক বয়স্ক দম্পতি কার্বন মনো অক্সাইডের বিষক্রিয়ায় মারা যান।