তুর্কি পদক্ষেপ আঞ্চলিক লড়াইয়ে মোড় নিতে পারে: ইরাক
উত্তর ইরাক থেকে নিজ সেনাদের তুরস্ক সরিয়ে না নিলে তা একটি ‘আঞ্চলিক লড়াইয়ের’ দিকে যেতে পারে বলে দেশটিকে সতর্ক করেছে ইরাকি সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এ কথা বলেন। বুধবার ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এ মন্তব্য সম্প্রচার করা হয়।
ইরাক ও সিরিয়ার ভূখণ্ডে ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে সামরিক অভিযানের সময়কাল আরো এক বছর বাড়ানোর প্রস্তাব গত সপ্তাহে অনুমোদন করেছে তুর্কি পার্লামেন্ট। সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিয়ে কথা বলার সময় আবাদি তুরস্ককে সতর্ক করে মন্তব্যটি করেন।
তিনি বলেন, “ইরাকের বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য আমরা একাধিকবার তুরস্ককে বলেছি এবং আমার আশঙ্কা তুরস্কের এই বিপজ্জনক পদক্ষেপ আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে।”
“তুর্কি নেতাদের আচরণ অগ্রহযোগ্য নয়। আমরা তুরস্কের সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে চাই না,” বলেন তিনি।
মঙ্গলবার ইরাকি পার্লামেন্টে তুর্কি পার্লামেন্টের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে গ্রহণ করা একটি প্রস্তাব পাস হয়।
তুরস্ক জানিয়েছে, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করার জন্য আন্তর্জাতিক একটি মিশনের অংশ হিসেবে ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও সমরাস্ত্র দেওয়ার উদ্দেশ্যে গত বছর উত্তর ইরাকের একটি ঘাঁটিতে সেনা মোতায়েন করেছে তারা।
ইরাক-তুর্কি সীমান্তের দক্ষিণাঞ্চলের ইরাকি শহর মসুল ও সিরিয়া অংশসহ বিশাল এলাকা আইএসের নিয়ন্ত্রণে আছে, ওই অঞ্চলগুলো মুক্ত করতেই ইরাকি ওই বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে দাবি তুরস্কের।
ইরাকি সরকার বলেছে তারা এ ধরনের কোনো বাহিনীকে আমন্ত্রণ জানায়নি এবং তুর্কি বাহিনীকে তারা দখলদার বাহিনী হিসেবে বিবেচনা করে।
