হংকংয়ের গণতন্ত্রপন্থি ছাত্রনেতা থাইল্যান্ডে আটক
হংকংয়ের গণতন্ত্রপন্থি ছাত্রনেতা জোসুয়া ওঙকে ব্যাংককে আটক করেছে থাই কর্তৃপক্ষ।
ওঙের রাজনৈতিক দল ডিমোসিসতো’র পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
বিবিসি বলছে, ২০১৪ সালে হংকংয়ে গণতন্ত্রপন্থি বিক্ষোভের অন্যতম নেতৃস্থানীয় মুখ ওঙ ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে নামার পর তাকে আটক করা হয় বলে এক বিবৃতিতে ডিমোসিসতো জানিয়েছে।
থাইল্যান্ডের ছাত্র নেতিউইত চোতিপাতপাইসালের আমন্ত্রণে ওঙ থাইল্যান্ড সফরে গিয়েছিলেন। তার বরাতে এই তথ্য জানিয়েছে ডিমোসিসতো।
তবে থাই সরকার ওঙকে আটকের কোনো নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছে।
২০১৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা থাইল্যান্ডের সামরিক সরকার বলছে, ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকের সিদ্ধান্ত নেয়।
কিন্তু কেন আটক করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়া হয়নি।
হংকংয়ের নাগরিকরা ভিসা ছাড়া থাইল্যান্ডে সর্বোচ্চ ৩০ দিন থাকতে পারেন।
হংকংয়ে ২০১৪ সালে আমব্রেলা মুভমেন্ট নামে পরিচিতি পাওয়া চীনবিরোধী বিক্ষোভের মূল প্রেরণা ছিলেন ওঙ। ওই আন্দোলনের ফলে প্রায় তিনমাস হংকং কার্যত অচল হয়ে পড়েছিল।
ওই আন্দোলনের পর ওঙ ডিমোসিসতো পার্টি গঠন করেন এবং হংকংয়ের আত্মনিয়ন্ত্রণের অধিকারের ডাক দেন।
১৯৭৬ সালে হওয়া ছাত্র গণহত্যার ৪০ বছরপূর্তি উপলক্ষ্যে চুলালঙকর্ন ইউনিভার্সিটির ছাত্র নেতিউইত ১৯ বছর বয়সী আন্দোলনকর্মী ওঙকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
বিবৃতিতে ডিমোসিসতো জানিয়েছে, নেতিউইত বলেছেন, থাই কর্তৃপক্ষ ‘চীনা সরকারের কাছ থেকে ওঙের সফরের ব্যাপারে চিঠি পেয়েছিল’।
নেতিউইত সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদপত্রকে ওঙের সফরকে সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, থাইল্যান্ডও আমব্রেলা মুভমেন্টের মতো আন্দোলন শুরু করতে পারে।
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ২০১৭ সালে পুরোপুরি গণতান্ত্রিক একটি নির্বাচনের দাবি কর্তৃপক্ষ নাকচ করে দিলে ২০১৪ সালে ওই বিক্ষোভের পট প্রস্তুত হয় যার নেতৃত্বে ছিল মূলত ছাত্ররা।
