সিরিয়ায় বিমান হামলায় নুসরা ফ্রন্টের নেতা নিহত
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী জাবহাত ফাতেহ আল শাম গোষ্ঠীর (নুসরা ফ্রন্ট) অন্যতম জ্যেষ্ঠ নেতা আবু আল ফরাজ আল মাসরি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বিবিসি জানিয়েছে, জাবহাত ফাতেহ গোষ্ঠীর তথ্যানুযায়ী আল ফরাজ ইদলিব প্রদেশে নিহত হয়েছেন।
জাবহাত ফাতেহ আল শাম জঙ্গিগোষ্ঠী আল কায়েদার সঙ্গে সম্পর্কিত থাকাকালে নুসলা ফ্রন্ট নামে পরিচিত ছিল। জুলাইতে আল কায়েদার সঙ্গে সম্পর্কচ্ছেদের পর নতুন নাম নেয় গোষ্ঠীটি।
মিশরীয় নাগরিক আল ফরাজ আল কায়েদার অভিজ্ঞ নেতা ছিলেন। পরবর্তীতে তিনি জাবহাত ফাতেহ গোষ্ঠীর সুরা কাউন্সিলের সদস্য ছিলেন। তার প্রকৃত নাম আহমেদ সালামা মাবরোউক।
আল কায়েদার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে নতুন নাম ঘোষণা করার ভিডিওতে জাবহাত ফাহেত গোষ্ঠীর অন্যান্য নেতাদের সঙ্গে ফরাজকেও দেখা গিয়েছিল।
‘সিরিয়ায় আল কায়েদার বিশিষ্ট নেতাকে লক্ষ করে বিমান হামলা চালানো হয়েছে’ বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস বলেছেন, “ওই সময়ে চালানো অভিযানের ফলাফল পরীক্ষা করছি আমরা।”
পাওয়া বিভিন্ন প্রতিবেদন থেকে ধারণা পাওয়া গেছে, তুর্কি সীমান্তের কাছে ভ্রমণের সময় আল ফরাজের গাড়ি বিমান হামলার শিকার হয়।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে জঙ্গিগোষ্ঠী জাবহাত ফাহেত আল শাম অন্যতম শক্তিশালী গোষ্ঠী।
