গুলেনের ভাইকে আটক করেছে তুরস্ক
যুক্তরাষ্ট্র প্রবাসী তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের ভাই কুদবেত্তিন গুলেনকে আটক করেছে তুরস্ক পুলিশ।
তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদলু-র খবরে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার তুরস্কের দুর্নীতি দমন পুলিশ ইজিয়ান অঞ্চলের ইজমির প্রদেশের গাজিইমিরে এক আত্মীয়র বাড়ি থেকে কুদবেত্তিন গুলেনকে আটক করে।
এছাড়া, নতুন করে আরও ১১৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলেও আনাদলুর খবরে জানানো হয়েছে।
দৈনিক হুররিয়াৎ এর খবরে বলা হয়, কুদবেত্তিন গুলেন কয়েকদিন আগে বিদেশে গিয়েছিলেন। গোয়েন্দা বিভাগ তার দেশে ফেরার খবর পাওয়ার পরই তাকে আটক করে।
১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনাঅভ্যুত্থানের পর দেশটির বিভিন্ন স্তরের সরকারি ও বেসরকারি এক লাখের বেশি কর্মকর্তাকে-কর্মচারিকে বরখাস্ত, আটক ও বিচারের মুখোমুখি করা হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের অভিযোগ ব্যর্থ ওই সেনাঅভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী ছিলেন ফেতুল্লাহ গুলেন।
ওই ঘটনার পর গুলেনের বেশ কয়েকজন স্বজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তুরস্ক সরকার চায়, যুক্তরাষ্ট্র গুলেনকে আটক করে তুরস্কে ফেরত পাঠিয়ে দিক। যাতে ‘নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে তাকে বিচারের আওতায় আনা যায়।
যদিও গুলেন শুরু থেকেই সেনাঅভ্যুত্থানের নিন্দা জানিয়ে আসছেন এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বসবাস করছেন গুলেন।
ওদিকে, মানবাধিকার দলগুলোর আশঙ্কা, ব্যর্থ অভ্যুত্থানের পর সেই অজুহাতে সরকার বিরোধী ও কুর্দি জনগোষ্ঠিকে সমর্থনকারীদের দমনের প্রয়াস চালাচ্ছেন এরদোয়ান।
