২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় শান্তি চুক্তির ওপর গণভোট, হ্যাঁ জয়ের সম্ভাবনা

কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সরকারের শান্তি চুক্তির ওপর গণভোট অনুষ্ঠিত হচ্ছে। মানুষ ভোটে শান্তিচুক্তির পক্ষই সমর্থন করবে বলে মনে করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 11:02 PM

Updated : 12 Apr 2022, 02:59 AM

কলম্বিয়ার মধ্য-ডানপন্থি সরকার ও মার্কসবাদী ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চূড়ান্ত শান্তিচুক্তি সই হয়েছে গত মাসে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস (৬৫) ও ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর নেতা টিমোচেনকো (৫৭) পরস্পরের সঙ্গে উষ্ণ করমর্দনের পর চুক্তি সই করেন।

এর মধ্যদিয়ে পাঁচ দশকের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী লড়াইয়ের অবসান হয়েছে।

রোববার কলম্বিয়ার জনগণ এই নতুন চুক্তির অনুমোদন করা না করা নিয়েই ভোট দিয়েছে। কলম্বিয়ার নাগরিকরা এ চুক্তিকে সমর্থন করেন কি না সে প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট রাখা হয়। জরিপে হ্যাঁ ভোটই জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

ভোট দেওয়ার পর সান্তোষ বলেন, “আমাদেরকে অবশ্যই ৫২ বছরের লড়াইয়ের অবসান ঘটিয়ে শান্তির দুয়ার খুলতে হবে। শান্তি আমাদেরকে আরও ভাল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে... আমাদের সন্তান ও  নাতিপুতিদের আরও ভাল একটি দেশের নিশ্চয়তা দেওয়ার পথই হচ্ছে শান্তি।”

কলম্বিয়া সরকার ও বামপন্থী গেরিলা বাহিনী রেভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) মধ্যে অর্ধ শতক ধরে চলা  সংঘাতে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে; ঘর-বাড়ি হারিয়েছে লাখ লাখ মানুষ।

চুক্তি অনুযায়ী, বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটাতে ফার্ক অস্ত্র সমর্পণ করে বেসামরিক জীবনে ফিরে যাওয়ার কথা রয়েছে।

গত জুনে দুই পক্ষ দ্বিপক্ষীয় অস্ত্রবিরতি চুক্তিতে সই করে, যা চুড়ান্ত সমঝোতার পথ তৈরি করে।