২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ায় ধর্মীয় উৎসবে পদচাপায় ‘নিহত ৫০’

ইথিওপিয়ায় রাজধানীর কাছে একটি ধর্মীয় উৎসব চলাকালে বির্শঙ্খল পরিস্থিতিতে পদচাপায় কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকার। বিরোধীদল মৃতের সংখ্যা ৫০ উল্লেখ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 06:40 PM

Updated : 12 Apr 2022, 02:59 AM

পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে একটি বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গেলে বিশৃঙ্খল পরিস্থিতিতে এ ঘটনা ঘটে।  আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিরোধী ওরোমো ফেডারালিস্ট কংগ্রেস এর চেয়ারপার্সন মেরেরা গুডিনা রয়টার্সকে বলেন,  উৎসবে জড়ো হওয়া মানুষদের মধে্য সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর পুলিশের টিয়ার গ্যাস ও গুলি থেকে বেঁচে পালাতে গিয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছে।

রাজধানী আদ্দিস আবাবা থেকে ৪০ কিলোমিটার দূরের বিশফটু এলাকার ওই ধর্মীয় উৎসবে যোগ দিয়েছিল হাজার হাজার মানুষ।

এ সময় সরকার বিরোধী বিক্ষোভকারীদের ছোড়া পাথর ও বোতলের জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এতে লোকজন আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে এবং অনেকে গর্তে পড়ে যায়।

ইথিওপিয়ায় কয়েকমাস ধরে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটছে। ওরোমিয়া এবং আমহারা এলাকার মানুষেরা রাজনীতি এবং অর্থনৈতিক দিক থেকে বঞ্চনার শিকার হওয়ার অভিযোগ করছে।

রোববার ওরোমো উৎসবে যোগ দিতে আসা মানুষেরা “স্বাধীনতা চাই”, “ন্যায়বিচার চাই” ধ্বনিতে স্লোগান দেয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গিয়ে মানুষ মারা যাওয়ার কথা সরকার জানালেও মৃতের সংখ্যা নিশ্চিত করেনি। তবে এ ঘটনার জন্য দায়ীদের বিচার করা হবে বলে জানিয়েছে সরকার।