গ্রিনল্যান্ডে বেরিয়ে পড়ছে পরিত্যক্ত মার্কিন পরমাণু ঘাঁটি
বৈশ্বিক উষ্ণতার কারণে গ্রিনল্যান্ডের একটি বড় এলাকার বরফ গলতে শুরু হওয়ায় সেখানে গোপন পরিত্যক্ত একটি পরমাণু ঘাঁটি বেরিয়ে পড়ছে।
আর সেখান থেকে বিষাক্ত বর্জ্য সমুদ্রের পানিতে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
দৈনিক ইন্ডিপেনডেন্ট এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পরিত্যক্ত গবেষণা কেন্দ্র ‘ক্যাম্প সেঞ্চুরি’র চারপাশের বরফ গলে যাওয়া যদি অব্যাহত থাকে তবে এক সময় গবেষণাকেন্দ্রটি বরফের নিচ থেকে বাইরে বেরিয়ে আসবে।
১৯৬৭ সালে স্নায়ুযুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে তখন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ওই গবেষণা কেন্দ্রটি পরিত্যাগ করে।
১৯৫৯ সালে ওই পরমাণু গবেষণা কেন্দ্রটির কাজ শুরু করে যুক্তরাষ্ট্র। সেখানেই প্রথম বহনযোগ্য ‘নিউক্লিয়ার জেনারেটর’ তৈরি করা হয়। ওই পরমাণু ঘাঁটিতে বরফের নিচে তিন কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ ছিল।
গ্রিনল্যান্ডের যে এলাকায় ক্যাম্প সেঞ্চুরির অবস্থান সেটা ওই সময় ডেনমার্কের ভূখণ্ড ছিল।
ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, সেখানে আসলে কী কাজ হতো সে বিষয়ে ডেনমার্ক সরকারও অবগত ছিল না।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ক্যাম্প সেঞ্চুরি থেকে সুড়ঙ্গের সুবিশাল নেটওয়ার্ক তৈরির গোপন পরিকল্পনা করেছিল। সেখানে মস্কোয় হামলা চালাতে সক্ষম প্রায় ছয়শ’ ক্ষেপণাস্ত্র ছিল।
কিন্তু বরফের স্থায়িত্ব নষ্ট হয়ে যেতে শুরু করায় ক্যাম্প সেঞ্চুরি বন্ধ করে দেওয়া হয়।
অনুমান করা হয়, প্রায় নয় হাজার দুইশ টন রাসায়নিক বর্জ্য বরফের নিচে এখনো চাপা পড়ে আছে।
গবেষকদের আশঙ্কা, ক্যাম্প সেঞ্চুরির আশপাশের বরফ গলে গেলে ওই বর্জ্য সমুদ্রর পানিতে মিশে যেতে পারে।
বৈশ্বিক উষ্ণতা যে হারে বাড়ছে তা অব্যাহত থাকলে আগামী ৭৫ বছরের মধ্যে গ্রিনল্যান্ডের সমস্ত বরফ গলে যাবে বলে আভাস দিয়েছেন বিজ্ঞানীরা।
