ট্রাম্প থেকে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে হিলারি: জরিপ
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প থেকে ৫ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
শুক্রবার প্রকাশিত রয়টার্স/ইপসোসের মতামত জরিপে এই পরিসংখ্যান উঠে এসেছে।
সেপ্টেম্বরের ২৩ থেকে ২৯ পর্যন্ত দেশজুড়ে চালানো এই জরিপে দেখা যায়, ৪৩ ভাগ ভোটার হিলারিকে সমর্থন করছেন আর ৩৮ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছেন।
১৯ শতাংশ ভোটার দুজনের কাউকেই ভোট দেবেন না।
চলতি বছরে হওয়া জরিপগুলোর অধিকাংশ ক্ষেত্রে ট্রাম্পের থেকে এগিয়ে ছিলেন হিলারি। গেল চারসপ্তার প্রতিটি জরিপে হিলারি ৪ থেকে ৫ শতাংশ ব্যবধানে ট্রাম্প থেকে এগিয়ে রয়েছেন।
দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর বাইরে অন্যপ্রার্থীসহ হওয়া এক জরিপেও হিলারি এগিয়ে রয়েছেন। ওই জরিপে হিলারির সমর্থন ৪২ শতাংশ আর ট্রাম্পের সমর্থন ৩৮ শতাংশ। লিবার্টারিয়ান প্রার্থী গ্যারি জনসনের পক্ষে সমর্থন দিয়েছেন ৭ ভাগ ভোটার এবং গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের পক্ষে রয়েছেন ৩ শতাংশ ভোটার।
গেল সোমবার প্রথমবারের মতো হিলারি ও ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত টেলিভিশন বিতর্ক সরাসরি দেখেছেন ৮ কোটি ৪০ লাখ দর্শক। ৯০ মিনিটের এই বিতর্কানুষ্ঠান নতুন রেকর্ড গড়েছে।
রয়টার্স/ইপসোসের জরিপে দেখা যায়, দর্শকদের মধ্যে প্রায় ৫৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিনির অভিমত, বিতর্কে হিলারি জয়ী হয়েছেন।
ইন্টারনেট ও সোস্যাল মিডিয়ার এই যুগে টেলিভিশনে এ ধরনের অনুষ্ঠানে এত দর্শক এখন আর দেখা যায় না। এদিক দিয়ে হিলারি ও ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক ৩৬ বছর আগের রেকর্ড ছাড়িয়ে গেছে।
এর আগের রেকর্ডটি ১৯৮০ সালে হয়েছিল। সেবার ৮ কোটি ৬ লাখ মানুষ টেলিভিশেনে জিমি কার্টার ও রোনাল্ড রিগ্যানের প্রেসিডেন্ট নির্বাচন পূর্ববর্তী বিতর্ক উপভোগ করেছিলেন।
