২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণাঙ্গ হত‌্যা: শার্লটে জরুরি অবস্থা

পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ একব্যক্তি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটে দ্বিতীয় দিনের মতো সহিংস প্রতিবাদ বিক্ষোভ চলার পরিপ্রেক্ষিতে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 10:43 AM

Updated : 12 Apr 2022, 02:55 AM

পরিস্থিতি নিয়ন্ত্রণে শার্লটে ন‌্যাশনাল গার্ড প্রেরণ করা হয়েছে।

সহিংস বিক্ষেোভকারীরা সাংবাদিক ও অন‌্যান‌্য সাধারণ মানুষের উপর হামলা করছেন এবং বাড়ি-ঘরের জানালা ভাঙছেন, আগুন লাগাচ্ছেন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে শার্লটে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর প‌্যাট ম‌্যাকরোরি।

বিবিসি বলছে, বুধবার রাতে বিশৃঙ্খল প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ও বাবার বুলেট ছুড়েছিল।

বিক্ষোভ চলাকালে গুলিবিদ্ধ এক ব্যক্তি মারা গেছেন বলে প্রাথমিকভাবে বলা হলেও পরবর্তী সময়ে আহত ওইব‌্যক্তি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন বলে জানানো হয়।

নগর কর্তৃপক্ষের কর্মকর্তারা এক ট্যুইটার বার্তায় জানিয়েছেন, এক বেসামরিক অপর একজনকে লক্ষ করে প্রাণঘাতী ওই গুলিটি ছুড়েছিল, পুলিশ ছোড়েনি।

বিক্ষোভ চলাকালে সহিংসতায় আহত এক পুলিশ কর্মকর্তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তারা।  

ফক্স নিউজকে পাটনি বলেছেন, “আমরা জড়ো হওয়াদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছি। অনেক ধৈর্য্য ধরে ছিলাম, কিন্তু তারা এখন খুব আক্রমণাত্মক হয়ে উঠেছে, আমার কার্যালয়ের দিকে বোতল ও অন্যান্য জিনিস ছুড়ে মারছে, শৃঙ্খলা ফিরিয়ে আনার সময় হয়েছে।” 

মঙ্গলবার পুলিশের গুলিতে ৪৩ বছর বয়সী কিথ স্কট যে জায়গায় নিহত হয়েছিলেন বিক্ষোভের কেন্দ্রস্থলও ছিল সেখানে।

পুলিশের দাবি, স্কটের কাছে একটি পিস্তল ছিল এবং পুলিশ কর্মকর্তাদের আদেশ সত্বেও সে পিস্তল ফেলে দিতে রাজি হয়নি।

কিন্তু স্কটের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কটের হাতে একটি বই ছিল, আগ্নেয়াস্ত্র না।

ঘটনার কোনো ভিডিও প্রকাশ করেনি কর্তৃপক্ষ, তবে শহরটির মেয়র জানিয়েছেন, তারা ভিডিও প্রকাশ করার পরিকল্পনা করেছেন।

মঙ্গলবার রাতে ও বুধবার সকালে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৬ পুলিশ কর্মকর্তা আহত হন।

বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়ে মারে, আগুন ধরিয়ে দেয় এবং অল্প সময়ের জন্য একটি আন্তঃরাজ্য মহাসড়ক বন্ধ করে দেয়।

শার্লটের এই ঘটনার একই সময়ে ওকলাহোমার টুলসায়ও একই ধরনের একটি ঘটনায় হত্যাকারী এক পুলিশ কর্মকর্তার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছিল। টুলসার ঘটনায় প্রকাশিত এক ভিডিওতে নিরস্ত্র ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তির খালি হাত স্পষ্ট দেখা যাচ্ছিল।

যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে ওঠা বর্ণবাদের অভিযোগের সর্বশেষ ঘটনা এসব হত্যাকাণ্ড। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিষয়টি একটি জাতীয় বিতর্ক উস্কে দিয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনে শার্লট ও টুলসার মেয়রদের সঙ্গে কথা বলেছেন বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন।