সিরিয়ার ত্রাণ বহরে হামলা চালিয়েছে রুশ বিমান: যুক্তরাষ্ট্র
সিরিয়ার আলেপ্পো শহরের কাছে একটি ত্রাণ বহরে দুটি রুশ বিমান হামলা চালিয়েছে বলে বিশ্বাস যুক্তরাষ্ট্রের।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
সোমবারের এই হামলার কারণে সিরিয়াজুড়ে চলা সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিটি প্রায় অকার্যকর হয়ে পড়েছে। তবে এ হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে রাশিয়া।
প্রাণঘাতী এই হামলা সত্বেও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমঝোতার মাধ্যমে বাস্তবায়িত ওই যুদ্ধবিরতিকে রক্ষার চেষ্টা করে যাচ্ছেন কূটনীতিকরা। ১২ সেপ্টেম্বর থেকে ওই যুদ্ধবিরতি শুরু হয়েছিল।
ওই হামলায় ৩১ ট্রাক ত্রাণবাহী গাড়িবহরটির ১৮টি ট্রাক পুড়ে ধ্বংস হয়ে যায়। এটি কূটনীতিকদের প্রচেষ্টায় মরণাঘাত হানার মতো বিষয় হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সোমবার রাতে ত্রাণ বহরে হামলার সময় ঘটনাস্থলের উপরে আকাশে দুটি রুশ এসইউ-টোয়েন্টিফোর যুদ্ধবিমান ছিল। এ তথ্যের উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নাম করে তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই রাশিয়াকে দায়ী করা হচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের অভিযোগ অস্বীকার করেছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষ্যে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এই অভিযোগ সমর্থন করার পক্ষে যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে ‘কোনো তথ্য নেই’।
তিনি বলেন, “এই পরিস্থিতি নিয়ে আমাদের কিছু করার নেই।”
যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস জানিয়েছেন, ‘ব্যাপক এই মানবিক বিপর্যয়ের’ জন্য হোয়াইট হাউজ রাশিয়াকে দায়ী বলে ধরে নিয়েছে।
তবে রুশ যুদ্ধবিমানগুলো হামলাটি চালিয়েছে কিনা তা উল্লেখ করেননি তিনি।
এর আগে এই হামলার সঙ্গে তারা বা তাদের সিরীয় মিত্রদের জড়িত থাকার কথা অস্বীকার করে রাশিয়া। দেশটি বলছে, তারা বিশ্বাস করে কোনো বিমান হামলাই চালানো হয়নি এবং ঘটনাস্থলের কোনো ঘটনা থেকেই ত্রাণ বহরটির গাড়িগুলোতে আগুন লেগেছিল।
সিরীয় রেডক্রিসেন্ট জানিয়েছে, তাদের স্থানীয় দপ্তরের প্রধানসহ ‘প্রায় ২০ বেসামরিক’ নিহত হয়েছেন। তবে অন্যান্য প্রতিবেদনে নিহতের ভিন্ন ভিন্ন সংখ্যা উল্লেখ করা হয়েছে।
এই হামলার পর ছয় বছর ধরে গৃহযুদ্ধের কবলে থাকা সিরিয়ায় সব ধরনের ত্রাণ পাঠানো স্থগিত করেছে জাতিসংঘ।
