গ্রিসে শরণার্থী শিবিরে আগুন
গ্রিসের লেসবোস দ্বীপে মোরিয়া নামের শরণার্থী শিবিরে আগুন লাগার ঘটনায় চার হাজারেরও বেশি আশ্রয়প্রার্থীকে সরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার রাতে শিবিরটিতে আগুন লাগে।
পুলিশ বলছে, আগুন লাগার ঘটনার আগে সেখানকার আশ্রয়প্রার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।
দমকল বাহিনী আগুন লাগার ঘটনা তদন্ত করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিবিসি বলছে, বড়ধরনের এই অগ্নিকাণ্ডে তাঁবু ও অস্থায়ী ঘরগুলো পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জাতিসংঘের হিসাব অনুযায়ী লেসবোসের এই শিবিরটিতে প্রায় ৫,৬০০ জন আশ্রয়প্রার্থী রয়েছেন। কিন্তু দ্বীপটি ৩,৬০০ জন মানুষ ধারণক্ষম।
সুইস দাতব্য সংস্থা এসএও-এর একজন কর্মী আরিস ভ্লাসোপোউলোস জানিয়েছেন, আগুনে শিবিরটির ৩০ ভাগ পুড়ে গেছে।
তিনি বলেন, “আমি এখন দেখতে পাচ্ছি, শরণার্থীরা শিবিরে পুনরায় ফিরে আসতে শুরু করেছে। কিন্তু বড় একটি অংশ এরই মাঝে রাস্তায় অবস্থান নিয়েছে, সেখানেই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে।”
তুরস্কের কাছাকাছি গ্রিসের পাঁচটি দ্বীপে এখন ১৩,৫০০ জনেরও বেশি শরণার্থী বসবাস করছেন। কিন্তু সরকারি ভাষ্যমতে, দ্বীপগুলোর ধারণক্ষমতা ৭,৪৫০ জন।
এই শরণার্থী বা অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশই যুদ্ধ এবং দারিদ্র থেকে বাঁচতে ঝুঁকিপূর্ণভাবে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে এসেছেন।
